প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৭:১১ পিএম
মোহাম্মদপুর কৃষি মার্কেটে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ফাইল ছবি
পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সোমবার তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “একবার ব্যবহারযোগ্য পলিথিনের ব্যবহার বন্ধে সরকার ইতোমধ্যে আইন করেছে। এখন সেই আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রথমে মানুষকে সচেতন করা হচ্ছে, তবে এরপরও কেউ নিষিদ্ধ পলিথিন ব্যবহার অব্যাহত রাখলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
তিনি বলেন, “নিষিদ্ধ পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে নগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণও এই পলিথিন। এ দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন”।
ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “নিষিদ্ধ পলিথিন মজুত, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকতে হবে। এর পরিবর্তে পাট, কাপড় ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে”।
নিয়মিত বাজার তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে পলিথিনবিরোধী ১৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৫০ হাজার মেট্রিক টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
পরিদর্শন শেষে তিনি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব বাজারের ব্যাগ বিতরণ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।