× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ জুলাই

নয়া আল্টিমেটামে আন্দোলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ০৮:৫৩ এএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ০৯:০১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে জুলাই গণআন্দোলনের উত্তাল সময়ে ২৭ জুলাই ছিল ঘটনাবহুল এক দিন।

এদিন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কÑ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

আন্দোলন ঘিরে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকে। রাজধানীতে ‘ব্লক রেইড’ পরিচালনার পাশাপাশি র‌্যাব সারা দেশে ২৯০ জনকে গ্রেপ্তারের তথ্য জানায়। র‌্যাবের দাবি, গ্রেপ্তাররা হামলা, নাশকতা ও অগ্নিসংযোগে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

একই দিনে সিলেটে সহিংসতার ঘটনায় ১১ মামলায় ১৪৩ জন গ্রেপ্তার হন। রাত পর্যন্ত সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার ঘটনায় সারা দেশে ৭৩৬টির বেশি মামলা হয়, যার মধ্যে ঢাকাতেই ২০৭টি। রাজধানীতে ২ হাজার ৫৩৬ জন এবং র‌্যাবের অভিযানে আরও ৭১ জনসহ দেশজুড়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যায়।

দিনভর কারফিউ শিথিলের মধ্যেও চট্টগ্রামে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর টহল অব্যাহত থাকে। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আরও তিন দিন কারফিউ বহাল থাকবে; প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে।

রাতে অনলাইন সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোÑ রবিবারের মধ্যে আটক সব শিক্ষার্থীর মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত দায়ীদের বিচারের আওতায় আনা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

একই সঙ্গে দেশব্যাপী অনলাইন-অফলাইন প্রচারণা, দূতাবাসে স্মারকলিপি প্রদান, দেয়াল লিখন, ‘হেলথ ফোর্স’ ও ‘লিগ্যাল ফোর্স’ গঠনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংঘাতে ২৬৬ জন নিহত এবং তিন হাজারের বেশি শিক্ষার্থী আটকের দাবি করা হয়। অন্যদিকে বিভিন্ন সূত্রে ওই সময় পর্যন্ত নিহতের সংখ্যা ২০৯ জন বলেও উল্লেখ করা হয়।

এদিন তিন সমন্বয়কের খোঁজ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ সদস্যের প্রতিনিধি দল ডিবি কার্যালয়ে গেলেও ডিবি প্রধান তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায়।

আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন। একই দিনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ১৪টি কূটনৈতিক মিশন যৌথ চিঠিতে প্রাণহানি ও সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪০ জনের বেশি শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান এবং ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের ক্ষয়ক্ষতি মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে। একই সঙ্গে সরকার ঘোষণা দেয়, ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা