গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সদ্য শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হবেন কিংবা কোন মানদণ্ডে তাকে মনোনয়ন দেওয়া হবে, সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। বিএনপির শীর্ষ নেতাদের সবাই বলছেন, আনুষ্ঠানিকভাবে জানানোর মতো এখনও কিছু হয়নি।
দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও এখন পর্যন্ত এ বিষয়ে দলের কোনো স্তরের নেতার সঙ্গে কথা বলেননি। আপাতত এ বিষয়ে তিনি ছাড়া আর কারও কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।
দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হলে সেখানে হয়তো তিনি পুরো বিষয়টি তুলে ধরবেন এবং মতামত নেবেন দলের নেতাদের।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে নতুন সরকার।
সে সময় রাষ্ট্রপতি পদ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। দলের পক্ষ থেকে একটি ধারণা দেওয়া হয়েছিল দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি করা হবে।
কিন্তু সে সময় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের রেখে যাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর কোনো আলোচনা সামনে আসেনি। উপরন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা উষ্মা প্রকাশ করে বলেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের কথা আসছে কেন? রাষ্ট্রপতির পদ কি শূন্য হয়েছে?
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল জামায়াত-এনসিপি জোটের প্রতিবাদের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বর্ষশুরুর ভাষণ দেন। যেখানে নিন্দা করা হয় আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের এবং প্রশংসা করা হয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের। অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সরকার গঠনের তিনি প্রশংসা করেন। দেশের জনগণকে ধন্যবাদ জানান।
জামায়াত-এনসিপি জোট সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ বর্জন করলেও এই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নেয়। মো. সাহাবুদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সংসদে উপস্থিত ছিলেন এবং স্বাক্ষর করেন অর্থবিলে।
সরকার গঠনের পাঁচ মাসের মাথায় সাহাবুদ্দিনের হঠাৎ পদত্যাগের পর রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য নেতাদের নাম আবার আলোচনায় চলে এলেও তাদের পাশাপাশি আমলাদের নামও সামনে আসে। বিএনপি নেতাদের মধ্যে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
রাজনৈতিক নেতাদের বাইরে এই প্রচারণায় যাদের নাম সামনে এসেছে, তাদের মধ্যে প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ চৌধুরী।
কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে পারে বিএনপি। ড. ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমানকে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী করায় বিষয়টি আলোচনায় এসেছে।
তবে প্রচলিত আলোচনার বাইরে এখনও পাওয়া যায়নি নির্ভরযোগ্য কোনো তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী এ বিষয়ে অভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে দলীয় ফোরামে আলোচনা করেই। তাদের কেউই অবশ্য নতুন রাষ্ট্রপতির বিষয়ে কোনো আভাস দেননি।
বলা হচ্ছে, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলে বিএনপি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়া শুরু করবে। তার আগে সব তথ্যই অনুমাননির্ভর। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কথা বলার আগে কারও কথাই গ্রহণযোগ্য বলে বিবেচিত না-ও হতে পারে।