× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে খাদ্য সংকটে ১ কোটি ৫৩ লাখ মানুষ: আইপিসি

ইউএনবি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:৩১ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৬:৩৯ পিএম

প্রতীকী ছবি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

প্রতীকী ছবি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন, যা বিশ্লেষণভুক্ত মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ কাঠামো ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, যাদের মধ্যে প্রায় ৪ লাখ ৮৩ হাজার মানুষ জরুরি পর্যায়ে।

আইপিসির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ওই সময়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৮১ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জরুরি খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৭ হাজারে উন্নীত হতে পারে।

সম্প্রতি ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও তদারকি ইউনিটের (এফপিএমইউ) নেতৃত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্মশালায় এই বিশ্লেষণ উপস্থাপন করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে খাদ্য মন্ত্রণালয়, এফএও, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং গেইন।

বিশ্লেষণ অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম, হাওরাঞ্চল, দেশের কয়েকটি উপকূলীয় জেলা, এবং কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি সবচেয়ে বেশি।

কর্মশালায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তথ্য ও প্রমাণভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছে। আইপিসির বিশ্লেষণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে আরও কার্যকরভাবে সহায়তা পৌঁছে দিতে এবং সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে”।

খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, “সঠিক তথ্যের ভিত্তিতে নীতিনির্ধারণই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারের অন্যতম পূর্বশর্ত”।

আইপিসির এই বিশ্লেষণ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; সরকার, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য”।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘন ঘন বন্যা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং অর্থনৈতিক চাপ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যে মানুষের প্রবেশাধিকার আরও সংকুচিত হতে পারে।

বাংলাদেশে এফএওর প্রতিনিধি ড. জিয়াওকুন শি বলেন, “জলবায়ুজনিত দুর্যোগপ্রবণ এলাকায় কৃষি ও খাদ্যব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এখন সময়ের দাবি”।

অন্যদিকে, ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা জানান, আইপিসি বিশ্লেষণ সংকট আরও গভীর হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করতে সহায়তা করছে, যা আগাম পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা