নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৩:৪৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস
এ বছর পুলিশ পদকের জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা তালিকায় তাড়াহুড়োর কারণে কিছু ত্রুটি ও অনিয়ম থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, তালিকাটি পুনরায় যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ বছর পুলিশ পদক দেওয়া হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল। পরে তা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি ধরা পড়ে। দুই-একটি ক্ষেত্রে অনিয়মও হয়ে থাকতে পারে। বিষয়টি দ্রুত শেষ করে যাচাই করা তালিকার ভিত্তিতে পদক দেওয়া হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের এটি তৃতীয় আয়োজন। দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেওয়া সদস্যদের পুরস্কৃত করার এই ধারা অব্যাহত থাকবে।”
পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে।”
অতীতে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রথযাত্রা ও উল্টো রথের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঘটনাক্রমে ডিভাইসটি উদ্ধার হয়। প্রথমে দুজন আনসার সদস্য সেটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশকে জানান। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে।
তিনি জানান, ঘটনাটি ‘কাকতালীয়’ এবং সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না।