২৬ জুলাই
আন্দোলন ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ব্লক রেইড’ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকে। ২৫ জুলাই রাত থেকে ২৬ জুলাই দুপুর পর্যন্ত গ্রেপ্তার হন ৭৬৫ জন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ২০২৪ সালের ২৬ জুলাই (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়।
রাত সাড়ে ১১টার দিকে ডিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে এবং সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের অভিযোগ, বিকাল সাড়ে ৩টার দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে একদল ব্যক্তি হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যায়।
এর আগে ১৯ জুলাইও তিন সমন্বয়ককে পৃথকভাবে তুলে নেওয়া হয়েছিল। নাহিদ ইসলামকে ২১ জুলাই পূর্বাচলে এবং আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ২৪ জুলাই যথাক্রমে হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় রেখে যাওয়া হয়। এরপর তারা গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একই দিনে টানা কয়েক দিনের কারফিউ আংশিক শিথিল করে সরকার ঘোষণা দেয়, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলাচলে শিথিলতা থাকবে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে দাবি করেন, সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তাদের সুরক্ষার জন্যই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে আন্দোলন ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ব্লক রেইড’ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকে। ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সারা দেশে ৫৫৫টি মামলায় মোট ৬ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২৫ জুলাই রাত থেকে ২৬ জুলাই দুপুর পর্যন্ত গ্রেপ্তার হন ৭৬৫ জন; রাজধানীতেই এ সংখ্যা ছিল ২০৭। ঢাকায় ১০ দিনে মোট গ্রেপ্তার দাঁড়ায় ২ হাজার ৪১৬ জন এবং মামলার সংখ্যা হয় ২০৯।
আন্দোলনকারীরা জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া কোটা সংস্কার সংক্রান্ত সার্কুলারে তারা কোনো কার্যকর সমাধান দেখছেন না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে, বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। একই সময়ে জাতিসংঘ নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করে।
দিনটিতে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের হাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানান।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন। একই দিনে দেশি-বিদেশি বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার ও নাগরিক সংগঠন প্রাণহানি, গণগ্রেপ্তার এবং সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও রাজনৈতিক সমাধানের দাবি জানায়।