সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ফাইল ছবি
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে কিংবা পদত্যাগ করলে বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তিনি তার কার্যভার কালের জন্য বিশেষ দায়মুক্তি পেয়ে থাকেন। তবে এই দায়মুক্তি কেবল ওই কার্যকালের জন্যই প্রযোজ্য হয়। এটি সমগ্র জীবনের জন্য প্রযোজ্য কোনো বিশেষাধিকার নয়।
এ কারণে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ের কার্যক্রমের জন্যে দায়মুক্তি পেতে পারেন। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে যুক্ত থেকে কোনো অনিয়ম-দুর্নীতি করে থাকলে তার আইনের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত ও রাজনৈতিক সমঝোতার ওপর।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়েছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনা যাবে, নাকি তিনি পদত্যাগ কিংবা মেয়াদকাল পূর্ণ হওয়ার পর আইনের ঊর্ধ্বে থাকেন, তা নিয়ে নানা আলোচনা চলছে। তার বিরুদ্ধে মামলা হলে সরকার কী পদক্ষেপ নেবে, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গতকাল সাংবাদিকদের উত্তর দেন, ‘ইট ইজ টু আর্লি...।’
সংবিধানে যা আছে
সংবিধানের ৫১ (১) অনুচ্ছেদ অনুসারে, “রাষ্ট্রপতি তাঁহার কার্যভার পালনকালে বা কার্যভার পালনের উদ্দেশ্যে সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে কোনো আদালতের নিকট জবাবদিহি করিতে বাধ্য হইবেন না; তবে এই দফা সংবিধানের ৫২ অনুচ্ছেদের অধীন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আনয়নের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।”
৫১ (২)-এ বলা আছে, “রাষ্ট্রপতির কার্যকালীন সময়ে তাঁহার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের বা অব্যাহত রাখা যাইবে না এবং তাঁহাকে গ্রেপ্তার বা আটক করার জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের এই সুরক্ষা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ের জন্য। পদ থেকে অপসারণ কিংবা পদত্যাগের পর আর এই সুরক্ষা থাকে না। মূলত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তার কর্মকাণ্ডকে সুরক্ষা দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে আরোহণ ও ছাড়ার পর সেটা বিবেচনায় আসবে না।
সংবিধানের ৫১ (৩) অনুচ্ছেদ অনুসারে, “রাষ্ট্রপতির ব্যক্তিগত ক্ষমতায় সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে প্রতিকার দাবি করিয়া তাঁহার বিরুদ্ধে কোনো দেওয়ানি কার্যধারা তাঁহার কার্যকালীন সময়ে কোনো আদালতে দায়ের করা যাইবে না, যদি না কার্যধারা আরম্ভের কমপক্ষে দুই মাস পূর্বে তাঁহার নিকট লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়; এবং উক্ত নোটিশে কার্যধারার প্রকৃতি, কারণ, দাবিদারের নাম, বিবরণ ও বাসস্থানের স্থান এবং তিনি যে প্রতিকার দাবি করেন, তাহা উল্লেখ থাকে।”
সংবিধানের এসব অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গৃহীত পদক্ষেপের ব্যাপারে মো. সাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনা জটিল। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন একটি ব্যাংকের এবং আরও একটি কোম্পানির ভাইস চেয়ারম্যান ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ সব প্রতিষ্ঠান নিয়ে দেশে-বিদেশে তদন্ত হয়েছে। দুদকেও তদন্ত চলছে। মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের কমিশনার থাকা অবস্থায় অনিয়ম-দুর্নীতিরও অভিযোগ রয়েছে। অতীতে দুর্নীতি-অনিয়ম হয়ে থাকলে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে ১৯৯০-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদকে পদত্যাগের পরপরই কারাগারে যেতে হয়েছিল। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, জনতা টাওয়ারসহ বিভিন্ন দুর্নীতির মামলা হয়েছিল। এতে তার দণ্ডও হয়েছিল। একইভাবে জেনারেল মঞ্জুর হত্যা মামলা তার পুরো জীবনেই ছিল একটি অমীমাংসিত অধ্যায়।