নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকা থেকে সম্প্রতি ছবি তোলেন আলী হোসেন মিন্টু।
মে দিবসে আমরা অনেক সময় এমন ছবি ছাপি। সেই ছবি দেখে পাঠক আপ্লুত হন। তারপর আমরা সকলেই ছবির নিষ্ঠুর বাস্তবতার কথা ভুলে যাই। ওদের কষ্টের কথা, দুঃসহ জীবনের গল্প আমাদের আর মনে থাকে না।
বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ। অথচ সে কাগুজে আইনের প্রয়োগ নেই। শ্রম না দিলে এই শিশুরা কী খেয়ে বাঁচবেÑ সে প্রশ্নের সদুত্তর নেই।
ছবির ইটভাঙা বালিকার নাম ‘আদরী’। তবে জীবনে সে আদর কাকে বলে জানে না। দেড় বছর বয়সে বাবা তার মাকে ছেড়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করে।
কিছুদিন পর মা-ও তাকে ফেলে চলে যায়। আদরী এখন তার নানির সঙ্গে ইট ভেঙে জীবন চালায়।
নিজের কচি দুটি হাতের শ্রমেই সে বেঁচে আছে। তার এই বেআইনি শ্রম নিষিদ্ধ করবে কে?