সারাদেশে চলমান খাল খনন কর্মসূচি শেষ হওয়ার পরপরই নদী খননের একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
মাগুরা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।
‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে তা শুষ্ক ও খরা মৌসুমে কৃষি জমিতে সেচের কাজে ব্যবহার করা হবে, যা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনিড বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ‘
বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার দেশকে এক গভীর অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল। সেই অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করে একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে”।
এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মাগুরা জেলা পুলিশ লাইন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল, সামাজিক সংগঠন ‘গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্ট’-এর সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।