প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:১৩ পিএম
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শনিবার ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হলে সন্তানদের পরিবার থেকেই প্রাথমিক শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। একই সঙ্গে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শনিবার ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্টদের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি ডা. মেছবাহর লেখা ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইয়ের প্রশংসা করে বলেন, বইটির ‘চিন্তা আমার শত্রু নয়’—এই ধারণা মানুষকে ইতিবাচকভাবে ভাবতে সহায়তা করতে পারে। তার ভাষায়, অনেকেই চিন্তাকে কেবল দুশ্চিন্তা হিসেবে দেখেন, অথচ সঠিকভাবে চিন্তা করাও ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ফারজানা শারমিন বলেন, মানুষ যদি নিজেকে ভালোবাসতে শেখে এবং নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখে, তাহলে অনেক কঠিন কাজও সম্ভব। এজন্য মানসিক স্বাস্থ্য ও আত্মউন্নয়ন নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সরকার একা দেশের পরিবর্তন আনতে পারবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন। এছাড়া বিভিন্ন পেশার ব্যক্তি, লেখক, মাস্টার কোচ ও অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।