প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৮:৩৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২০:১২ পিএম
মো. সাহাবুদ্দিন চুপ্পু। ফাইল ছবি
রবিবার যেকোন সময় বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মো. সাহাবুর রহমান প্রতিদিনের বাংলাদেশের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি রবিবার যেকোন সময় বঙ্গভবন ছাড়বেন। তিনি তার গুলশানের নিজস্ব বাড়ীতে উঠবেন।
এদিকে রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িতে পরিষ্কার-পরিচ্ছ্ন্নতার কাজ চলছে। শনিবার সকাল থেকে বাড়ির নিচতলার বসার জায়গাটি পরিষ্কার-পরিচ্ছ্ন্ন করে রং করা হচ্ছে। আসবাবপত্রও ঝাড়ামোছা করা হচ্ছে।
বাড়ির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটটিতে মো. সাহাবুদ্দিন থাকতেন।
বাড়ির ব্যবস্থাপক মো. কবির হোসেন খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “স্যার কবে কখন আসবেন, আমরা নিশ্চিতভাবে জানি না। আমরা অতিথি রুমটি পরিষ্কার–পরিচ্ছন্ন করে রং করছি। তা ছাড়া তিনি আগে পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন। সেটির কী অবস্থা বলতে পারবো না। আর এখানে তাদের পরিবারের কেউ নেই। তাই সেটি পরিষ্কার–পরিচ্ছন্ন করার বিষয়ে কোন নির্দেশনাও নেই”।
শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদ থেকে পদত্যাগ করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিনের রাজধানীর গুলশানে নিজের বাসায় ওঠার কথা রয়েছে। সে কারণে কয়েক দিন ধরেই ওই বাসা বসবাসের উপযোগী করে গোছানো হচ্ছিল। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নেওয়া হয়েছে।