প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৭:৫৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: নৌবাহিনী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস-সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়ে বলেন, সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার সফল নেতৃত্ব কামনা করেন।
এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা, আস্থা ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।