২৫ জুলাই
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৫ জুলাই ছিল টানটান উত্তেজনার একটি দিন।
২৫ জুলাই বৃহস্পতিবার সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা ছিল। একই সময়ে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর মহানগর ও জেলা, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়।
এদিকে, দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকাতেই গ্রেপ্তার হন ৬৪১ জন। পাশাপাশি, সাম্প্রতিক নাশকতার অভিযোগে পাঁচ দিনের অভিযানে ঢাকাসহ সারা দেশ থেকে ২২৮ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দিনটির সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি। তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আতিকুল ইসলাম।
স্টেশন পরিদর্শনের সময় আবেগাপ্লুত হয়ে শেখ হাসিনাকে চোখের পানি মুছতে দেখা যায়। তিনি বলেন, বিশ্বাস হতে চায় না এ দেশের মানুষ এটা করেছে। কীভাবে এমন দানবিক কাজ করল? এ ঘটনার বিচারও দাবি করেন।
তবে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত মানুষের হতাহত হওয়ার ঘটনায় তার প্রকাশ্য কোনো দুঃখপ্রকাশ না থাকায় মেট্রো স্টেশনে তার আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই ঘটনাটিকে ‘নাটক’ আখ্যা দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন বাংলা বাগধারা ‘মাছের মায়ের পুত্রশোক’-এর অনুষঙ্গে এ ঘটনাকে অভিহিত করেন ‘মাফিয়া মায়ের মেট্রোশোক’ হিসেবে। একই সময়ে শেখ হাসিনার কান্নার ছবি ব্যবহার করে ‘নাটক কম কর পিও’ ক্যাপশনের অসংখ্য মিমও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ২৫ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধ চলাকালেও বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনে কর্তৃপক্ষ বেআইনিভাবে বলপ্রয়োগ অব্যাহত রেখেছে।
সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে সংস্থাটি দাবি করে, আইনশৃঙ্খলা বাহিনী প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। সংস্থাটির সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা আন্দোলনকারীদের মৃত্যুসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে স্বাধীন, নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।