প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৮:৫৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম
মো. সাহাবুদ্দিন। ছবি: বিবিসি বাংলা
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে সাংবিধানিক দায়িত্বের ইতি টানলেও মো. সাহাবুদ্দিনের জন্য শেষ হচ্ছে না রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা। বিদ্যমান আইনের আওতায় সদ্য সাবেক এই রাষ্ট্রপতি আমৃত্যু একাধিক আর্থিক ও প্রশাসনিক সুবিধা ভোগ করবেন।
রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫-এ।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ মেয়াদ শেষ করলে কিংবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করলেও অবসরকালীন সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হন।
সেই বিধান অনুসারে মো. সাহাবুদ্দিন প্রতি মাসে অবসরভাতা পাবেন। এ ভাতার পরিমাণ হবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রাপ্ত সর্বশেষ বেতনের ৭৫ শতাংশ। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা হওয়ায় তার মাসিক অবসরভাতা দাঁড়াচ্ছে ৯০ হাজার টাকা। এই ভাতা মৃত্যুর আগ পর্যন্ত বহাল থাকবে।
শুধু মাসিক ভাতাই নয়, প্রশাসনিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে আইনে। একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেনডেন্ট তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সরকার নির্ধারিত পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে, যার পরিমাণ প্রয়োজন অনুযায়ী সরকার নির্ধারণ করবে।
সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া তার বাসভবনে একটি সরকারি টেলিফোন সংযোগ থাকবে এবং নির্ধারিত সীমার মধ্যে সেই সংযোগের বিল সরকার বহন করবে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা বজায় থাকবে। আইন অনুযায়ী, একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সুবিধা পাবেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধাও একই নীতিমালার আওতায় নিশ্চিত করা হবে।
বিদেশ সফর কিংবা আন্তর্জাতিক যোগাযোগের সুবিধার্থে তার জন্য একটি কূটনৈতিক পাসপোর্ট বহাল থাকবে। অন্যদিকে দেশের অভ্যন্তরে সরকারি কাজে বা ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও পাবেন তিনি।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে শুক্রবার বিকালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার।