প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৮:০৯ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১৯:৩১ পিএম
ফাইল ছবি
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে শূন্য হয়েছে স্পিকারের আসন।
তাই নতুন স্পিকারের দায়িত্বে আসছেন জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ সংক্রান্ত ব্রিফিংকালে শুক্রবার এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা স্পিকার হাফিজ উদ্দিন।
তিনি বলেন, “সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে। যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে, তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদ পদের দায়িত্ব পালন করবেন”।
এর আগে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার বিকালে পদত্যাগপত্র জমা দেন তিনি।