গ্রাফিক্স: সংগৃহীত
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণদের সামাজিক উদ্যোগ মিশন গ্রিন বাংলাদেশ পরিচালিত ‘৬৪ জেলায় বৃক্ষরোপণ অভিযান’ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ইউএনইপি আনুষ্ঠানিকভাবে তাদের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সংস্থাটির মতে, এ স্বীকৃতি শুধু মিশন
গ্রিন বাংলাদেশের নয়, বরং জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের নাগরিক
উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি। দেশজুড়ে তরুণদের সম্পৃক্ত করে স্থানীয় প্রজাতির
বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এ
কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে।
এই জাতীয় উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা
করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড
এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর)-ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স
বাংলাদেশ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), সোসাইটি ফর এশিয়ান সার্কুলার
ইনোভেশন নেটওয়ার্ক, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট
(পিএমআই) এবং সাসটেইনএবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (এসআরসিএল)।
মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী
পরিচালক আহসান রনি বলেন, “জাতিসংঘের পরিবেশ কর্মসূচির এই স্বীকৃতি আমাদের
দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দেশের পরিবেশগত সংকট মোকাবিলা এবং টেকসই সবুজ বাংলাদেশ
গড়ে তুলতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা সহস্রাধিক
স্বেচ্ছাসেবক, সাধারণ মানুষ ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ
অর্জন সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
উপলক্ষে মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ,
মানববন্ধন ও পরিবেশবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। শতাধিক পরিবেশবাদী
সংগঠনের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান,
বসতবাড়ি এবং দীর্ঘমেয়াদে পরিচর্যার উপযোগী বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা
রোপণ করা হয়। একই সঙ্গে দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ, লিফলেট
বিতরণ এবং বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
সংস্থাটি জানিয়েছে, এই উদ্যোগকে কেবল
একটি দিবসের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী বৃক্ষ সংরক্ষণ, পরিচর্যা এবং
পরিবেশবান্ধব নাগরিক আন্দোলনে রূপ দেওয়ার কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি আগামী
দিনে দেশের বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষায় আরও বেশি তরুণকে সম্পৃক্ত করে বৃহত্তর
পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।