২৪ জুলাই
টানা পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ কার্যকর থাকলেও নির্ধারিত সময়ের জন্য ২৪ জুলাই তা শিথিল করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ২০২৪ সালের ২৪ জুলাই (বুধবার) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে।
টানা পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ কার্যকর থাকলেও নির্ধারিত সময়ের জন্য তা শিথিল করা হয়। একই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়।
সেদিন সারা দেশে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬৪১ জন। ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত আট দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে চার হাজার। রাজধানীতে মোট ১ হাজার ৭৫৮ এবং চট্টগ্রামে ৭০৩ জন গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তৎকালীন ডিএমপি অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ থাকার পাঁচ দিন পর আসিফ ও আবু বাকের সামাজিক মাধ্যমে জানান, তাদের চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল।
সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। বিভিন্ন হাসপাতাল, স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত হিসাব অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত আন্দোলন ও পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ায় ২০১ জনে।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকাসহ তিন জেলায় কারফিউ শিথিল ছিল। অন্যান্য জেলাতেও জেলা প্রশাসকদের নির্ধারিত সময় অনুযায়ী শিথিলতা দেওয়া হয়। সরকারি অফিস ও ব্যাংক চার ঘণ্টার জন্য খোলা থাকে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ টহল অব্যাহত থাকায় রাজধানীতে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরে আসে। দূরপাল্লার বাস চলাচল শুরু হয় এবং সদরঘাট থেকে লঞ্চও ছেড়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধই ছিল।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, বিটিভি ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও সড়ক ভবনসহ কয়েকটি স্থাপনা ৪৯টি দেশের মিশনের প্রতিনিধিদের পরিদর্শন করানো হয়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, এসব প্রতিনিধির মধ্যে ২৩ জন রাষ্ট্রদূত ছিলেন।
১৬ জুলাইয়ের ছয়জন নিহতের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন ২৪ জুলাই প্রথম বৈঠক করে। কমিশন গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানায়। এদিকে পরিচয় শনাক্ত না হওয়ায় ঢামেক মর্গে থাকা আটটি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জনমনে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং সরকার যতদিন চাইবে, ততদিন সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।
এদিন নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয় এবং পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ২৯২ জন আত্মসমর্পণ করেন। একই সময়ে চার দফা জরুরি দাবি বাস্তবায়নে সরকারকে আরও দুই দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ, আর অন্য অংশ ২৫ জুলাই দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, তারা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। চলমান পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষাও স্থগিত করা হয়।