বাংলাদেশ হাই কোর্ট। ফাইল ছবি
সুন্দরবনের এক মৎস্যজীবী যুবককে গুমের অভিযোগে তার বাবার করা রিটের পর বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, তারা এখনও রিটের কপি বা হাইকোর্টের কোনো নোটিশ আনুষ্ঠানিকভাবে পায়নি।
তবে আদালতের নির্দেশনা পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় জবাব দেবে।
মিরাজ শেখ (৩০) নামে ওই মৎস্যজীবীকে গুমের অভিযোগ তুলে তার বাবা মো. মোস্তফা শেখ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন।
এতে নিখোঁজ মিরাজ শেখকে আদালতে হাজির করার নির্দেশনা এবং তার অবস্থান ও আটকের আইনগত ভিত্তি ব্যাখ্যা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারকে কোনো তথ্য জানায়নি। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত তার বাবা হাইকোর্টের শরণাপন্ন হন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিটটি হাইকোর্টের বিশেষ মূল এখতিয়ার (স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন) বেঞ্চে দাখিল হয়েছে। প্রাথমিক শুনানি শেষে আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারেন।
এ ঘটনায় মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, গুমের অভিযোগ অস্বীকার না করে দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্যোগী হতে হবে।
তার ভাষ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ আশা করেছিল গুমের মতো গুরুতর অভিযোগের পুনরাবৃত্তি হবে না। কিন্তু পরিবারের অভিযোগ অনুযায়ী আবারও এমন একটি ঘটনা সামনে এসেছে, যা উদ্বেগজনক।
তিনি বলেন, হাইকোর্ট বিষয়টি বিবেচনায় নেওয়ায় সময়ক্ষেপণ না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির অবস্থান জানাতে হবে। এটি কোনো বাহিনীর বিরুদ্ধে নয়; অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে। তাই সত্য উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
একই সঙ্গে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ের মতো অভিযোগ অস্বীকার না করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।
এদিকে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে তারা গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছে। তবে এখন পর্যন্ত রিটের কপি বা আদালতের কোনো নোটিশ আনুষ্ঠানিকভাবে পায়নি।
নোটিশ বা নির্দেশনা পাওয়া গেলে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সময়মতো আদালতে প্রয়োজনীয় জবাব ও তথ্য উপস্থাপন করা হবে এবং আদালতের নির্দেশনা পরিপূর্ণভাবে প্রতিপালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিটের কপি হাতে না আসায় এর বিষয়বস্তু নিয়ে এ মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন নয়।