ফাইল ছবি
দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে বাংলাদেশে তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ২৫ মিলিয়ন ইউরো।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএমের পক্ষে সংস্থাটির মিশন প্রধান ড. লরা টম বনডে চুক্তিতে সই করেন।
প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর তথ্যভাণ্ডার প্রস্তুত ও তথ্য সংগ্রহের কাজ করা হবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সম্পৃক্ত করা, স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি হ্রাসে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব একেএম সোহেল, যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব ড. রাজিবুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান খান এবং ন্যাশনাল কনসালট্যান্ট ড. এসএম মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।