× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত খসড়া অনুমোদন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:১১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি মিডিয়া সেল

দ্রুত সম্প্রসারিত হচ্ছে বগুড়া শহর। আবাসন, বাণিজ্য, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকেন্দ্র হিসেবে উত্তরাঞ্চলের এই নগর গত এক দশকে ব্যাপক প্রসারিত হয়েছে।

তবে সমন্বিত পরিকল্পনা ছাড়াই ঘটছে এই নগরের বিস্তার। ফলে কৃষিজমি কমছে, জলাশয় ভরাট হচ্ছে, অপরিকল্পিতভাবে গড়ে উঠছে আবাসন ও সংকীর্ণ সড়ক এবং অপর্যাপ্ত ড্রেনেজ সৃষ্টি করছে নানা সমস্যা।

এই বাস্তবতায় বগুড়া ও সংলগ্ন এলাকার উন্নয়নকে একটি একক পরিকল্পনার আওতায় আনতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ের নতুন ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়া উপস্থাপন করা হয়। পরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন পায়।

প্রেস ব্রিফিংয়ে যা বলা হয়েছে

মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, বগুড়া অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে উন্নত নাগরিক জীবন নিশ্চিত করাই নতুন আইনের মূল উদ্দেশ্য।

যা আছে খসড়া আইনে

খসড়া আইনে বলা হয়েছে, চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হবে। এই কর্তৃপক্ষ মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো অনুসরণ করবে। পরিকল্পনা প্রণয়নে গণশুনানি এবং প্রাক-প্রকাশের মতো বিধিবদ্ধ প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।

আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে, কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংস্থা উন্নয়ন কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন কিংবা অন্য কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। এর মাধ্যমে নগর উন্নয়নকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনার চেষ্টা করছে সরকার।

জলাশয় ও উন্মুক্ত স্থান সংরক্ষণে গুরুত্বারোপ

খসড়া আইনে নদী-নালা, খাল, জলাশয়, খেলার মাঠ এবং অন্যান্য উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এসব স্থান ভরাট, দখল বা পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া নগর উন্নয়নে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত দুটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি ল্যান্ড রিডজাস্টমেন্ট এবং ল্যান্ড রিডেভেলপমেন্ট প্রবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ল্যান্ড রিডজাস্টমেন্ট কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট এলাকার অন্তত ৬০ শতাংশ ভূমিমালিকের সম্মতি প্রয়োজন হবে।

নীতিনির্ধারকদের মতে, এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে প্রয়োজনীয় সড়ক, ড্রেনেজ, পার্ক, জনসেবা অবকাঠামো ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করে পরিকল্পিত নগর গড়ে তোলা সহজ হবে।

অনিয়মে কারাদণ্ড ও জরিমানার বিধান

আইনে অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাট এবং কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, প্রয়োজন হলে ঋণগ্রহণ এবং নিয়মিত নিরীক্ষার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একটি উন্নয়ন কর্তৃপক্ষকে কার্যকরভাবে পরিচালনার আর্থিক সক্ষমতা নিশ্চিত করতেই এসব বিধান রাখা হয়েছে।

বর্তমানে রাজধানী ঢাকায় রাজউক, চট্টগ্রামে সিডিএ, খুলনায় কেডিএ ও রাজশাহীতে আরডিএর মতো উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। সেই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগর বগুড়ার জন্যও পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হলো।

সরকারের মতে, দ্রুত নগরায়ণের ফলে বগুড়া শহর ও আশপাশের এলাকায় আবাসন, শিল্প, বাণিজ্য ও যোগাযোগ অবকাঠামোর বিস্তার ঘটছে। কিন্তু সমন্বিত পরিকল্পনার অভাবে অনিয়ন্ত্রিত নির্মাণ, কৃষিজমি হ্রাস, জলাশয় দখল এবং পরিবেশগত ঝুঁকি বাড়ছে। নতুন কর্তৃপক্ষ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ভূমিকা পালন করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা