রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোয় ঘুরলে চোখে পড়ে দীর্ঘ লাইন। ছবি: ফোকাস বাংলা
যে অদৃশ্য প্রাণশক্তির ওপর ভর করে একটি আধুনিক নগরের দৈনন্দিন গতিধারা সঞ্চালিত হয়, আচমকা তার জোগান থমকে গেলে পুরো জীবনযাত্রা কীভাবে স্তব্ধ হয়ে যেতে পারে। এখন যেন তারই এক করুণ দলিল দেখছে দেশবাসী।
রান্নার চুলায় নিভে গেছে চিরচেনা নীল শিখা, দূরপাল্লার সড়ক থেকে অলিগলির মোড়ে স্থবির হয়ে দাঁড়িয়ে সিএনজিচালিত যানবাহনের দীর্ঘ সারি, আর অন্যদিকে উৎপাদনের গতি হারিয়ে থমকে দাঁড়ানোর উপক্রম হয়েছে দেশের মূল চালিকাশক্তি শিল্প খাতের।
যান্ত্রিক বিপর্যয় আর আন্তর্জাতিক বাজারের বহুমুখী চাপে তৈরি হওয়া তীব্র গ্যাস সংকট এখন আর কেবল একটি নির্দিষ্ট খাতের সমস্যা নয়; বরং গৃহস্থালি থেকে জাতীয় অর্থনীতিÑ সব ক্ষেত্রেই ফেলে যাচ্ছে এক গভীর ও নেতিবাচক প্রভাব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমুদ্রবক্ষে স্থাপিত এলএনজি সরবরাহকারী ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে আকস্মিক যান্ত্রিক ত্রুটি ও আংশিক অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই এই সংকট তীব্র রূপ নেয়। এর ফলে দেশে নতুন করে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক্সিলারেট এনার্জির নিয়ন্ত্রণাধীন এই টার্মিনালের ত্রুটি দ্রুত সমাধান করে সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করে জানান, টার্মিনালটিতে আংশিক আগুন লাগার কারণেই সরবরাহ ব্যবস্থায় এই বড় ব্যাঘাত ঘটেছে।
তবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে ঠিক কত দিন সময় লাগবে, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারছেন না দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষায়িত টার্মিনালটি মেরামতের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী আনার চেষ্টা চালানো হচ্ছে। তারা দেশে পৌঁছে সরেজমিন পর্যবেক্ষণ করার পর মেরামতের সঠিক অগ্রগতি ও সময়সীমা নির্ধারণ করা সম্ভব হবে।
আপাতত প্রাপ্ত সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জরুরি ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোয় জোগান সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
নিভেছে হেঁশেলের নীল শিখা
জোগানে নাম আসায় রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, বনশ্রী কিংবা নাখালপাড়ার মতো জনবহুল এলাকাগুলোয় বাসিন্দাদের সকাল শুরু হচ্ছে চরম দুশ্চিন্তা আর বিড়ম্বনা নিয়ে।
রান্নার প্রয়োজনীয় গ্যাস না থাকায় অধিকাংশ পরিবারকেই বিকল্প উপায়ে খাবার জোগাড় করতে হচ্ছে, না হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মৃদু আঁচের সামান্যতম উপাদানের জন্য।
গ্যাস সংকটের কারণে টানা দ্বিতীয় দিনের মতো রান্না না করেই ফিরে যান বাসাবাড়ির বুয়ারা। রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া নিবাসী স্কুলশিক্ষিকা শিউলী ইকবাল এই প্রতিবেদককে বলেন, “সাধারণত স্কুল থেকে দায়িত্ব শেষ করে আসার পর দুপুরে দিকে কাজের বুয়া আসেন। রান্না ও গৃহস্থালি কাজে আমাকে সহযোগিতা করেন। কিন্তু দুই দিন ধরে রান্না না করে চলে যেতে হচ্ছে তাকে। গ্যাসের চাপ এতই কম যে, তাতে কোনো ধরনের রান্না করা সম্ভব না”।
দেশে যেখানে দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে এত দিন গড়ে ২,৭০০-২,৮০০ মিলিয়ন ঘনফুট জোগান দেওয়া যাচ্ছিল, সেখানে এই সাময়িক বিপর্যয়ে সরবরাহ কমে ঠেকেছে মাত্র ২,২৬৫ মিলিয়ন ঘনফুটে।
বৈরী আবহাওয়ার কারণে তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকায় বিদ্যুৎ উৎপাদনে লোডশেডিং হয়তো তাৎক্ষণিকভাবে চরম আকার ধারণ করেনি, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন আহার ও রান্নাবান্নার স্বাভাবিক চিত্র পুরোপুরি এলোমেলো হয়ে গেছে।
‘গ্যাস নেই’ সাইনবোর্ডের নির্দয় বাস্তবতা
একদিকে রান্নার হাহাকার, অন্যদিকে গণপরিবহনের ধীরগতি দুটো মিলে নাগরিক জীবনকে বিষাদময় করে তুলেছে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোয় ঘুরলে চোখে পড়ে শুধুই দীর্ঘ লাইন এবং ‘গ্যাস নেই’ লেখা ঝুলন্ত সাইনবোর্ড।
দিন কিংবা রাত, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারগুলোর। যেসব পাম্প চালু আছে, সেখানেও গ্যাসের চাপ (পিএসআই) এতটাই কম যে, ট্যাংকার পূর্ণ হতে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগছে।
হাজীপাড়া সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম মৃধা সংকটের ভয়াবহতা তুলে ধরে জানান, রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত গ্যাসের সামান্য চাপ থাকলেও দিনের বেলায় তা একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে।
সাধারণত গ্যাসের চাপ ৫ পিএসআইয়ের নিচে নামলে কমপ্রেসার মেশিন চালানো অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে এই চাপ শূন্যে নেমে যাওয়ায় পাম্প অলস ফেলে রাখা ছাড়া উপায় থাকছে না।
ঢাকা জেলা সিএনজি চালক সমিতির সভাপতি রফিকুল ইসলাম আক্ষেপ প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পরিস্থিতি এতটাই সংকটজনক যে, গাড়ি নিয়ে পাম্পের সামনে বসে দিন পার করে দিতে হচ্ছে। দিন শেষে জমার টাকা তোলা তো দূরের কথা, পরিবারের জন্য দৈনিক খাওয়ার খরচ জোগাড় করাই অসম্ভব হয়ে পড়ছে। চালকরা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে”।
ধুঁকছে শিল্প খাত, হুমকির মুখে উৎপাদন ও রপ্তানি
প্রতিনিয়ত জ্বালানি সংকুচিত হওয়ার এই নেতিবাচক ঢেউ আঘাত হেনেছে দেশের অর্থনীতির মূল স্তম্ভ শিল্প খাতে। ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, গাজীপুর এবং ময়মনসিংহের মতো প্রধান অর্থনৈতিক ও শিল্পাঞ্চলগুলোয় গ্যাসের চাপ নামমাত্র পর্যায়ে পৌঁছেছে।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান পরিস্থিতির আশঙ্কাজনক দিক তুলে ধরে বলেন, “দিন দশেক আগেও গ্যাস সরবরাহ বেশ সহনশীল ছিল। কিন্তু বর্তমানে শিল্পাঞ্চলগুলোয় পরিস্থিতি ভীষণ নাজুক। গ্যাসের চাপ না থাকায় কারখানার বয়লার ও যন্ত্রপাতি চালানো কঠিন হয়ে পড়েছে, যা সার্বিক উৎপাদনকে থমকে দিচ্ছে”।
পেট্রোবাংলার দৈনিক পরিসংখ্যান থেকেও দেখা যায়, তিতাসের বিতরণ এলাকায় হঠাৎ করেই এক দিনের ব্যবধানে দৈনিক জোগান ১৪২২ মিলিয়ন ঘনফুট থেকে কমে ১২৫৬ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। একই প্রভাব পড়েছে বাখরাবাদ, পশ্চিমাঞ্চল, সুন্দরবন এবং কর্ণফুলী গ্যাস বিতরণ অঞ্চলেও।
ভূরাজনৈতিক মেঘ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ
বাংলাদেশের এই অভ্যন্তরীণ গ্যাস সংকট কেবল যে স্থানীয় কারিগরি ত্রুটির ফসল তা নয়; এর নেপথ্যে রয়েছে বৈশ্বিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের এক গভীর যোগসূত্র।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদ্য প্রকাশিত ‘ইলেকট্রিসিটি মিড-ইয়ার আপডেট ২০২৬’ শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও তীব্র ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়া দেশগুলোর অন্যতম বাংলাদেশ।
আইইএর বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মতো উদীয়মান অর্থনীতিগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ, বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ধস নেমেছে।
আমদানিকৃত জ্বালানির মূল্যবৃদ্ধি এবং প্রাপ্তির অনিশ্চয়তার কারণে দেশের ভেতরের বিদ্যুৎ ও শক্তি উৎপাদন মারাত্মকভাবে ব্যয়বহুল হয়ে পড়ছে, যার চরম মাশুল গুনতে হচ্ছে সাধারণ গ্রাহক ও শিল্প খাতকে।
অভ্যন্তরীণ কারিগরি জটিলতা নিরসনের মাধ্যমে এই সাময়িক সংকটের উপশম হয়তো কিছুটা সম্ভব, কিন্তু এলএনজি-নির্ভরতার এই বৈশ্বিক বাস্তবতা স্পষ্ট করে দিচ্ছে যে, একটি স্থায়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানিনীতি গড়ে তোলা ব্যতিরেকে দেশের অর্থনৈতিক চাকা মসৃণ রাখা দিন দিন আরও কঠিন হয়ে পড়বে।