× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: মাহদী আমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:০০ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: পিএমও

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসায়িক পরিবেশ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত এক সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।

“বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ” শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এতে তিনি অংশগ্রহণকারী কোম্পানি ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

দেশের সার্বিক উন্নয়ন ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি অত্যন্ত সুস্পষ্ট মূলনীতি ও দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে চাই, যা একদিকে মানুষের ক্ষমতায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে বাণিজ্য সহজীকরণের নতুন সুযোগ-সুবিধা উন্মোচিত করবে।

মাহ্দী আমিন বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ততার মাঝেও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে এখানে এসেছেন”। বিনিয়োগকারীরাও তাদের যোগ্যতা, বৈশ্বিক সেরা ব্যবস্থা এবং বিনিয়োগ পরিকল্পনাও সফলভাবে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্যানেলটিকে অনন্য উল্লেখ করে তিনি বলেন, “ফিকি যখন প্রথম এই অনুষ্ঠানের বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, তখন পরিকল্পনাটি একটু ভিন্ন ছিল। কথা ছিল বিনিয়োগকারীরা বলবেন আর নীতিনির্ধারকরা শুনবেন। তবে শেষ মুহূর্তে এসে তারা এতে পরিবর্তন আনে। জানানো হয় যে, নীতিনির্ধারকরাই বলবেন এবং বিনিয়োগকারীরা তা শুনবেন—এতে একটি সার্বিক আগ্রহ ও চাহিদা তৈরি হয়েছে”।

ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পরবর্তী সময়ে এই আয়োজনটি আরও বেশি অংশগ্রহণমূলক হবে; যেখানে উভয় পক্ষই উন্মুক্তভাবে মতামত ও চিন্তাভাবনা বিনিময় করবে।

বর্তমান প্রেক্ষাপটকে সরকারের প্রতি জনগণের বিপুল আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “নীতিনির্ধারকদের ভাবনাচিন্তায় নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রধানমন্ত্রীর রূপকল্পের সঠিক প্রতিফলন থাকা জরুরি। আজকের প্যানেলিস্টদের দিকে তাকালেই দেখা যায়, আমাদের প্রত্যেকের দপ্তরই কিছুটা স্বতন্ত্র এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত—যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম”।

গত পাঁচ মাসেই এই সিদ্ধান্তের সুফল জনগণ নানাভাবে দেখতে পেয়েছেন উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, “যার বড় উদাহরণ আমাদের ঘোষিত প্রথম বাজেটটি, যা পুরোপুরি জনবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব। এই বাজেটে সাধারণ মানুষের ইচ্ছা ও তৃণমূলের আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটানো হয়েছে। 

“আজ এখানে উপস্থিত পাঁচজন প্যানেলিস্ট একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন এবং সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একতাবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন”।

বিনিয়োগকারীদের অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, “এখানে উপস্থিত আপনাদের প্রত্যেকেরই একটি গল্প আছে—সাফল্যের গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প এবং যৌথভাবে এই জাতি পুনর্গঠনের গল্প। জনগণের রায়ে নির্বাচিত সরকার হিসেবে আমরা আপনাদের সঙ্গে এই সুদৃঢ় সম্পর্ক বজায় রাখতে চাই। 

“আমরা ধারাবাহিক আলোচনা ও পরামর্শের একটি স্থায়ী প্রক্রিয়া গড়ে তুলতে আগ্রহী, যাতে দেশি-বিদেশি সর্বস্তরের ব্যবসায়ীদের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটে আমাদের নীতি প্রণয়ন ও তার মাঠপর্যায়ের বাস্তবায়নে”।

বিদেশি বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আপনারা কেবল ব্যবসা করছেন না, বরং নিজ নিজ দেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উঠেছেন; আমাদের মানুষের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিচ্ছেন এবং ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। সে অর্থে আমরা আপনাদের নিজ নিজ দেশে বাংলাদেশের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেই মনে করি।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, “সমতা, সামাজিক ন্যায়বিচার ও সর্বজনীন অন্তর্ভুক্ত নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আর এই অভিযাত্রায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই”।

​আন্তর্জাতিক এই সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এফআইসিসিআই এর সভাপতি এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুপালী হক চৌধুরী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশী প্রায় ৬শ’ বিনিয়োগকারী ও প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা