প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৭:৫৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২০:১৩ পিএম
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে সিইসি ও স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। ফাইল ছবি
রাসাতক্ষীরার শ্যামনগরের (সাতক্ষীরা-৪) সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার বলেন, “স্পিকার মহোদয়ের অফিসে ও নির্বাচন কমিশনে গিয়ে আমাদের একজন সংসদ সদস্য দলীয় চিঠি পৌঁছে দিয়েছেন।”
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে দুপুরে চিঠির অনুলিপি সংবাদমাধ্যমে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, “সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে চিঠিতে বলা হয়েছে।
এর আগে সোমবার রাতে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পরে। এ বিষয়ে জামায়াতের নেতাকর্মীরা প্রথমে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। এরপর দিন মঙ্গলবারে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।