রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ফাইল ছবি
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
অর্থ মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কি না-এ বিষয়ে সরকারের কিছু বলার নেই। তবে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে”।
রাষ্ট্রপতির স্বাস্থ্যগত অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেন। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে”।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছিল কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না”।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। এর মাধ্যমে বিশ্বের পর্যটকদের জন্য কক্সবাজারকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে উন্নয়ন করা হবে”।
তিনি আরও বলেন, “দেশের গভীর সমুদ্রসম্পদকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যেও সরকার বৃহৎ পরিসরের নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন ও সমুদ্রভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে”।