× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী নজরুলের কী হবে

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৩:৫১ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৩:৫২ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক মাধ্যমে এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে বুধবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।” একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও জানানো হয়। নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ছিলেন।

গত সোমবার রাতে ভিডিওটি ছাড়ানোর পর প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে। এরপর গত মঙ্গলবার সংসদ সদস্য গাজী নজরুল তার ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট লিখে সেখানে ওই নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেন।

ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমের পিতা মো. মাসুম বিল্লাহর সঙ্গে এই এমপির গাড়িচালক ও মরিয়ামের মামা ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এই ‘ষড়যন্ত্রের ঘটনা’ ঘটানো হয়েছে।

কড়া সমালোচনা এমপি এনামুলের

যশোর-৫ আসনের সংসদ সদস্য, জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক গত মঙ্গলবার রাতে ‘থিঙ্কট্যাঙ্ক’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত একটি অডিও বক্তব্যে গাজী নজরুলের বিয়ে নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বৈধ ও সুন্নতসম্মত কাজ কখনও গোপনে হয় না। বৈধ কাজ হয় প্রকাশ্যে, আর অনৈতিক কাজ হয় গোপনে। আপনাকে কোনো সুন্নত বা ভালো কাজ গোপনে করার এখতিয়ার কে দিয়েছে? কোন হাদিস বা সুন্নাহ আপনাকে এই শিক্ষা দিয়েছে?’ 

অবাঞ্ছিত ঘোষণা, বিচার দাবি

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে এমপি গাজী নজরুল ইসলামকে নিজ এলাকা শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা, তার সংসদ সদস্যপদ বাতিল এবং অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে বক্তৃতা করেন নাগরিক নেতা আশেক ই এলাহী মুন্না, অধ্যক্ষ আবু সাইদ, নুরজাহান পারভীন ঝর্ণা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম প্রমুখ। এই বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “দুদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম..... Why!!! Simply why!!”

তাসনিম জারার প্রশ্ন

ভিডিও ভাইরাল ঘটনায় প্রশ্ন তুলেছেন এনসিপির সাবেক নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। গতকাল সকাল ৯টা ৪৬ মিনিটে তিনি এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন।

তাতে জারা লিখেছেন, ‌‌“সিভি অনুযায়ী তার বয়স মাত্র আঠারো। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম সংসারে একটা চাকরি মানে শুধু চাকরি না। মানে মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো। এ দেশে গরিবের চাকরি হয় কীভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে। আর সবশেষে, কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তো একদিন সিভিটা এমপি সাহেবের কাছে পৌঁছাল। হয়তো মেয়েটি নিজে নিয়ে গিয়েছিল, হয়তো পরিবারের কেউ। ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়। সিভিতে সই পড়ল। জোর সুপারিশ করা হলো। কিন্তু সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কী দিতে হয়েছে? হয়তো কিছুই না। হয়তো সবকিছু। আমরা জানি না। আর এই ‘জানি না’টাই আসল কথা। কারণ যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে, সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি না। জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য তার পদের জোর খাটিয়ে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন। চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে।”

নজরুলের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় মামলা হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গাড়িচালক ওবায়দুর রহমান গত মঙ্গলবার (২১ জুলাই) বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলার পর আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৪ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এসব তথ্য জানান। মামলার অপর আসামিরা হলেনÑ মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ারে’ তার বোনের বাসায় থাকতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ওবায়দুর তার পরিবারকে জানালে নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে বিরোধে গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তার মা তাহমিনা ও ছোট বোন মীম চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা