প্রধানমন্ত্রী তারেক রহমান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ছবি: পিএমও
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের পথে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করলেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসানও তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে তিনি নতুন দায়িত্ব পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন।
পরে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান। জবাবে খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। পরে ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছেন।
রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রায় চার দশকের কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল, সাবমেরিন কমান্ড, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌ সদর দপ্তর এবং বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এর পাশাপাশি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।