বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১১:২০ এএম
সরকারের ১৮০ দিনের টাইমলাইন বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সরকারের ১৮০ দিনের টাইমলাইন বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রিপরিষদ এমনকি সংসদের দায়িত্বেও রদবদল আসতে পারে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। যদিও ঠিক কবে এ পরিবর্তন ঘটবে, তার সুনির্দিষ্ট সময় জানা যায়নি।
উল্লেখ্য, ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও ওই সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এখনও তার পদে বহাল রয়েছেন। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী দলগুলোর মধ্যে বিভক্তি এবং বিএনপির সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয়ে অনড় অবস্থানের কারণেই মো. সাহাবুদ্দিনকে সরানো সম্ভব হয়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতির বিদায় নিয়ে আবারও আলোচনা শুরু হয়। সে সময়ে গণভবনে সর্বশেষ ঈদ করার সুযোগ চেয়েছিলেন বলে খবর বেরিয়েছিল।
গতকাল বুধবার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আবারও গুঞ্জনের ডালপালা মেলে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে।
সেখানে তিনি লিখেছেন, “আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।”
খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বঙ্গভবন সংশ্লিষ্টদের একটি প্রস্তুতিও রয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এরপর নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সুযোগ রয়েছে। এমপিদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এদিকে মন্ত্রিসভা গঠনের পরপরই সরকার ১৮০ দিনের ডেডলাইন ঘোষণা করেছিল। তখন মন্ত্রিসভার সদস্যদের কর্মদক্ষতা মূল্যায়ন করার কথা বলা হয়েছিল। আগামী ১৭ আগস্ট সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এর আগে-পরে যেকোনো সময় মন্ত্রিসভায়ও রদবদল হতে পারে। একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী নানা বিতর্কের জন্ম দিয়ে সরকারকে বিব্রত করেছেন। তাদের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নানা কর্মকাণ্ড ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এমন প্রেক্ষাপটে এসব মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে।
মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব কমিয়ে সেখানে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করা হতে পারে। সে তালিকাতেও নাম রয়েছে তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের। মন্ত্রিসভা রদবদলে তার মন্ত্রণালয় কমিয়ে দেওয়া হতে পারে। একইভাবে কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও কমানোর গুঞ্জন রয়েছে। নতুন এ রদবদলে দলের বঞ্চিত সিনিয়র নেতাদের মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। এ ছাড়া মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন অঞ্চল থেকে আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করা হতে পারে। এ ছাড়া বিগত দিনে আন্দোলনের পরীক্ষিত সাথিদের মধ্য থেকে কাউকে কাউকে বিবেচনায় নেওয়া হতে পারে।
জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রেও দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে। জাতীয় সংসদের একাধিক হুইপ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। শূন্য হওয়া হুইপ পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া ছাড়াও একজন নারী সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হতে পারে। এ ছাড়া জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৩০টি স্থায়ী কমিটিতে দলের বঞ্চিত নেতাদের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সবগুলো কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।