× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ জুলাই

তীব্র হয়ে ওঠে শোক, ক্ষোভ, আতঙ্ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ০৮:৫৮ এএম

রক্তাক্ত জুলাইয়ের ২৩ তারিখ ছিল এমন এক দিন, যখন একদিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আভাস মিলেছিল, অন্যদিকে গ্রেপ্তার অভিযান, শোক, আতঙ্ক ও ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রক্তাক্ত জুলাইয়ের ২৩ তারিখ ছিল এমন এক দিন, যখন একদিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আভাস মিলেছিল, অন্যদিকে গ্রেপ্তার অভিযান, শোক, আতঙ্ক ও ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই এক গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়। সেই রক্তাক্ত জুলাইয়ের ২৩ তারিখ ছিল এমন এক দিন, যখন একদিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আভাস মিলেছিল, অন্যদিকে গ্রেপ্তার অভিযান, শোক, আতঙ্ক ও ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

টানা তিন দিনের সাধারণ ছুটির পর নির্বাহী আদেশে এদিন সরকারি অফিস খুলে দেওয়া হয়। কারফিউ শিথিলের সময় বাড়ানোয় সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চলে। আংশিকভাবে আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। রাত ৯টা থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে পুনরায় চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, যা বন্ধ থাকার পর প্রথমবারের মতো মানুষকে বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্ত করে।

এদিন সরকার ঘোষণা দেয়, ২৪ জুলাই থেকে সরকারি-বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খোলা থাকবে এবং রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও পুনরায় চালু হবে। একই সঙ্গে আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে নতুন কোটা ব্যবস্থা সংবলিত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগের কথা জানানো হয়। নতুন ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি, নারী ও জেলা কোটা বাতিল করা হয়।

তবে এই প্রজ্ঞাপন আন্দোলনের ইতি টানতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্পষ্ট জানিয়ে দেন, কেবল প্রজ্ঞাপন নয়, হতাহতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কারফিউ কার্যকর থাকায়  ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল থমথমে পরিবেশ। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এবং টহল জোরদার করা হয়। রাতের আঁধারে চলতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেপ্তার। আন্দোলনের চার দিনে সারা দেশ থেকে কয়েক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আন্দোলনের নেতারা স্পষ্ট ভাষায় জানান, বিচারহীনতার মধ্যে কেবল প্রজ্ঞাপন জারি করে আন্দোলন থামানো সম্ভব নয়।

এ সময়ও নিখোঁজ ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ছেলেকে খুঁজে পেতে তার বাবার এক মর্গ থেকে আরেক মর্গে ছুটে বেড়ানোর বেদনাদায়ক চিত্র দেশবাসীকে নাড়া দেয়। একই সংবাদ সম্মেলনে হাসনাতের অশ্রুসিক্ত মুখ এবং নাহিদ ও সারজিসের উদ্বিগ্ন উপস্থিতি আন্দোলনের মানবিক ট্র্যাজেডিকে আরও স্পষ্ট করে তোলে।

দিনটিতে আকাশপথে ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন করেন তৎকালীন বিমানবাহিনী প্রধান। অন্যদিকে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের ২৩ দিনে স্বাস্থ্য খাতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।

এমন উত্তপ্ত বাস্তবতায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লিখিত বিবৃতিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নতুন নাটক মঞ্চস্থ করেন।

তবে দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল সীমিত পরিসরে ইন্টারনেট সেবা পুনরায় চালু হওয়া। সংযোগ ফিরে আসতেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের অসংখ্য ছবি ও তথ্য। আর সেই দৃশ্যই রক্তাক্ত জুলাইয়ের ঘটনাপ্রবাহকে নতুন মাত্রায় তুলে ধরে এবং জনমনে ক্ষোভের আগুন আরও প্রজ্বলিত করে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা