× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙছে নদী, ভাঙছে কপাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ০৮:১৬ এএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ০৮:৩৩ এএম

নদীর রাক্ষসী থাবায় নিহত তারা প্রতিমূর্তি। রংপুরের নোহালী ইউনিয়নের কাচারীপাড়ায় তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া সংগ্রাম করছেন এই মানুষগুলো। বুধবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদীর রাক্ষসী থাবায় নিহত তারা প্রতিমূর্তি। রংপুরের নোহালী ইউনিয়নের কাচারীপাড়ায় তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া সংগ্রাম করছেন এই মানুষগুলো। বুধবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘আল্লাহ মেঘ দে, পানি দে’ বলে আমরাই বৃষ্টিকে ডেকে আনি। বৃষ্টিবন্দনার পরে যে বর্ষা আসে, তা আশীর্বাদ। কিন্তু নদীপাড়ের মানুষের জীবনে বর্ষা নেমে আসে অভিশাপের বেশে।

বর্ষা এলে নদীমাতৃক এই বদ্বীপের জলাধারাগুলো যেন তাদের চিরচেনা শান্ত রূপ ঝেড়ে ফেলে ধারণ করে রাক্ষসীর মূর্তি।

এই নদীর জলেই ফলে সোনার ফসল। আবার এই নদীর করালগ্রাসেই এক নিমেষে তলিয়ে যায় হাজারো মানুষের স্বপ্ন, ঘাম ঝরানো উপার্জন, সাজানো সংসার আর বেঁচে থাকার শেষ সম্বলটুকু। প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধিরা দেশজুড়ে নদীপাড়ের লাখো মানুষের বুকের গভীরতম ক্ষত তুলে ধরেছেন তাদের প্রতিবেদনে। এসব প্রতিবেদন থেকে হৃদয়বিদারক চিত্র ফুটে ওঠেÑ নদী ভাঙলে মনে হয় যেন অসংখ্য পরিবারের কপাল ভাঙছে।

শ্রাবণের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে দেশের প্রধান নদ-নদীগুলো ফুঁসে উঠেছে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা থেকে শুরু করে দক্ষিণের পায়রা বা উত্তরের মৃগীÑ সবখানেই এখন আগ্রাসী রূপ। কোথাও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, কোথাওবা পানি নামতে শুরু করেছে। কিন্তু নদীর এই পানি বাড়া ও কমার দোলাচলেই ঘটছে সবচেয়ে বড় বিপর্যয়। পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের টানে পাড়ের মাটি ধসে পড়ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে এবং প্রতিনিধিদের পাঠানো সরেজমিন চিত্রে দেখা যায়, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন নদীভাঙনের ভয়াল তাণ্ডব চলছে। কোথাও স্রোতের তোড়ে ভেঙে যাচ্ছে শত শত বসতভিটা, কোথাও তলিয়ে যাচ্ছে হাজার একর ফসলি জমি, আবার কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থমকে গেছে জনজীবন।

‘মোর আর কিছু থাকিল না’

নদীভাঙনের মানবিক বিপর্যয়ের চিত্রটি বড়ই করুণ। পটুয়াখালী সদরের চাঁন্দোখালী গ্রামের ৭৭ বছর বয়সী বৃদ্ধ ওমেশ চন্দ্র বয়াতির নির্বাক দৃষ্টি যেন সেই ট্র্যাজেডিরই প্রতিচ্ছবি। প্রায় ছয় দশক ধরে নদীর সঙ্গে যুদ্ধ করা এই মানুষটি জীবনে পাঁচবার ঘর সরিয়েছেন। শেষ সম্বল আর ঋণ করা টাকায় একটি পাকা ঘর তুলেছিলেন, ভেবেছিলেন জীবনের বাকি দিনগুলো শান্তিতে কাটবে। কিন্তু রাক্ষুসী পায়রা নদী কয়েক দিন আগে তার সেই গোয়ালঘর ও পাকা ঘরের একাংশ গিলে খেয়েছে। সর্বস্বান্ত ওমেশ প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক (পটুয়াখালী) কাজল বরণ দাসকে বলেন, ‘ছোটবেলা থেকে এই নদীর পাড়ে আছি। নদী আমার জমি নিছে, ঘর নিছে। আর কতবার সরাব? এখন আর যাওয়ার কোনো জায়গা নেই।’

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানির তোড়ে স্বেচ্ছাশ্রমে গড়া বাঁধ ভেঙে এক রাতেই পথে বসেছেন নোহালী গ্রামের শাহজাহান মিয়া। তার ১১ একর জমি, ৮০ শতকের বসতভিটা আর দেড় একরের পুকুর চোখের সামনেই বিলীন হয়ে গেছে। বুকফাটা কান্নায় তিনি প্রতিদিনে বাংলাদেশের প্রতিবেদক (রংপুর) মেরিনা লাভলীকে বলেছেন, ‘মোর আর কিছু থাকিল না। সউগ (সব) নদী কাড়ি নিল। এই যে নদী সউগ নিয়া গেইল, মোর এই ক্ষতি কায় (কে) পুষে দিবে?’

সবচেয়ে হৃদয়বিদারক অবস্থা নীলফামারীর সদর উপজেলার ঈমানী গ্রামের মুসলিম আক্তারের। নদীর স্রোত যে কেবল ঘরবাড়ি নেয় তা নয়, কেড়ে নেয় প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্নটুকুও। প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক (নীলফামারী) আরফিনুল ইসলামকে তিনি বলেন, ‘গেল বছর নদীতে তলিয়ে গেছে আদরের মেয়ে আর শ্বশুরের কবর। এবার বসতভিটাটুকুও নদীতে যাওয়ার পথে।’ লক্ষ্মীপুরের চরবংশীর রহিমা বেগমদের মতো হাজারো নারীর এখন রাত কাটে নির্ঘুমেÑ এই বুঝি জোয়ারের পানি এসে ভাসিয়ে নিয়ে গেল আদরের সন্তানদের!

বিপর্যস্ত অবকাঠামো ও ভেঙে পড়া অর্থনীতি 

ভাঙনের থাবা থেকে বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো আর যোগাযোগ ব্যবস্থাও। টাঙ্গাইলের গোপালপুরে যমুনার তীব্র স্রোতে তারাকান্দি-ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের প্রায় ৬০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চার দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ। শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর ওপর বেইলি ব্রিজ ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ১৫ হাজার মানুষ। স্কুলছাত্র রিয়াজ আহম্মেদের মতো শত শত শিক্ষার্থীর এখন কয়েক কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হচ্ছে।

কৃষিতেও নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার জলে বানে ভেসে গেছে ২৫ বিঘা ফসলি জমি, নিঃস্ব হয়েছেন হজরত আলীর মতো কৃষকরা। কুড়িগ্রামে আমনের বীজতলা, পটোল, বেগুনসহ শত শত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। নদীভাঙনে শুধু একটি পরিবারই নিঃস্ব হয় না, ব্যাহত হয় পুরো এলাকার সামষ্টিক অর্থনীতি। অবস্থাসম্পন্ন গৃহস্থ এক রাতেই পরিণত হন ছিন্নমূল দিনমজুরে।

কেন এই ভাঙন 

নদীভাঙন বাংলাদেশের জন্য একটি সাংবাৎসরিক সমস্যা। প্রাকৃতিকভাবে বদ্বীপের গঠন অন্যতম কারণ হলেও বর্তমানে মানুষের তৈরি সংকটই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। প্রথমত, পলিতে নদীর তলদেশ ভরাট বা সিলেটেশন। উজানের পলি জমে নদীর নাব্যতা কমে গেছে, ফলে সামান্য পানি বাড়লেই তা দুই কূল উপচে পড়ছে ও পাড়ে আঘাত হানছে। দ্বিতীয়ত, যত্রতত্র অবৈধ বালু উত্তোলন। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা থেকে শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং বর্ষায় ভাঙনের তীব্রতা বেড়েছে। তৃতীয়ত, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ নদীশাসন। লক্ষ্মীপুরের কমলনগরে ঠিকাদারি প্রতিষ্ঠান নদীর তীর থেকে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করায় সেখানে মারাত্মক ধস নেমেছে। কুড়িগ্রামের চিলমারীতে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডান তীর রক্ষা প্রকল্পে গত ১৫ দিনেই দুই দফা ধস নেমেছে, যা কাজের মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

কর্তৃপক্ষের আশ্বাস ও বাস্তবতার ফাঁকি

প্রতিবছর ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে কিছু জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে, যাকে স্থানীয়রা ‘নদীতে টাকা ফেলা’ বলে আখ্যা দেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ কিংবা টাঙ্গাইলের গোপালপুরে জিওব্যাগ ফেলেও শেষ রক্ষা হচ্ছে না।

এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন থেকে শুরু করে সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মখলেছুর রহমানÑ সবারই প্রায় একই সুর। তারা প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জরুরিভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে এবং স্থায়ী নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু শুষ্ক মৌসুমে কাজ না করে বর্ষার সময় তড়িঘড়ি করে জিওব্যাগ ফেলার এই সংস্কৃতি সাধারণ মানুষের কাছে এখন আস্থার চরম সংকটে পরিণত হয়েছে।

তাহলে করণীয় কী

শুধু জিওব্যাগ আর প্রতিশ্রুতি দিয়ে নদীর এই প্রমত্তা রূপ শাসন করা যাবে না। প্রয়োজন সুদূরপ্রসারী ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ। প্রতিবেদকদের পাঠানো খবরে নদীভাঙনের কারণ হিসেবে যেসব সমস্যার কথা উল্লেখ রয়েছে, সেসব অবশ্যই সমাধান করতে হবে। যেমনÑ প্রধান নদীগুলোর তলদেশে জমে থাকা পলি অপসারণের জন্য দেশব্যাপী ড্রেজিং শুরু করতে হবে। বর্ষার আগে তড়িঘড়ি না করে, শুষ্ক মৌসুমেই বিজ্ঞানভিত্তিক পাড় সংরক্ষণ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে শেষ করতে হবে। অপরিকল্পিত বালু উত্তোলন কঠোর হস্তে দমন করতে হবে। নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কৌশল ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ যথাদ্রুত বাস্তবায়ন করতে হবে। ভাঙনের শিকার ছিন্নমূল মানুষদের শুধু ত্রাণ নয়, তাদের জন্য টেকসই পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করতে হবে।

নদী আমাদের প্রাণ। বাংলার ইতিহাস, ঐতিহ্য, লোকসাহিত্যÑ সবকিছুতেই নদীর স্পন্দন। কিন্তু সেই নদী যখন ধ্বংসের কারণ হয়, তখন রাষ্ট্রের দায়িত্ব তার অসহায় নাগরিকদের পাশে মজবুত ঢাল হয়ে দাঁড়ানো। নদীর সঙ্গে মানুষের এই অসম যুদ্ধে ওমেশ বয়াতি কিংবা শাহজাহান মিয়ারা প্রতিনিয়ত হেরেই চলেছেন। তাদের চোখের জল মুছে যদি একটি স্থায়ী ও বিজ্ঞানভিত্তিক নদী ব্যবস্থাপনার দিকে আমরা না হাঁটি, তবে প্রতিটি ভাঙা পাড়ের সঙ্গে একটু একটু করে ভাঙতে থাকবে আমাদের সামষ্টিক অর্থনীতি ও সমাজ। নদীকে বশে আনার চেয়ে নদীর সঙ্গে সহাবস্থানের উপায় আমাদের খুঁজতেই হবে, তা না হলে প্রতিবছরই ফিরে আসবে একই দুর্দশা, একই মানবিক বিপর্যয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা