× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলডিসি উত্তরণে তিন বছর বাড়তি সময় চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২২:০০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ২২:০৪ পিএম

এলডিসি উত্তরণে তিন বছর বাড়তি সময় চায় বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে পাঠানোর সুপারিশ করেছে। ফলে বাংলাদেশ ও নেপালের আবেদন এখন সাধারণ পরিষদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। 

নিউইয়র্কে অনুষ্ঠিত ইকোসকের বৈঠকে সদস্যরাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে মঙ্গলবার এ সুপারিশ অনুমোদন করে।

বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে অতিরিক্ত তিন বছরের প্রস্তুতিকালের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর বক্তব্যে টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আরও সময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) দুই দেশের আবেদন পর্যালোচনা করে বিষয়টি সাধারণ পরিষদে বিবেচনার সুপারিশ করেছিল। সেই মতামতের ভিত্তিতেই ইকোসক আবেদনটি সাধারণ পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বর্তমান সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর ২০২৬-এর আগে সাধারণ পরিষদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওই দিনই বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময় রয়েছে।

সিদ্ধান্তের পর রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সরকারের টেকসই উত্তরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, প্রস্তুতিকাল বাড়ানোর সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও সংস্কার বাস্তবায়ন সহজ হবে। একই সঙ্গে এলডিসি-পরবর্তী সময়ের জন্য দেশের প্রস্তুতিও আরও শক্তিশালী করা সম্ভব হবে। এতে উত্তরণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। সরকারের যুক্তি, অতিরিক্ত সময় পাওয়া গেলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, চলমান সংস্কার সংহতকরণ এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের সুযোগ বাড়বে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, দেশি ও আন্তর্জাতিক নানা সংকটের কারণে পাঁচ বছরের প্রস্তুতিকাল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।

সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ কয়েকটি কারণও আবেদনের পক্ষে তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে কোভিড-১৯-এর দীর্ঘমেয়াদি প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও খাদ্যবাজারের অস্থিরতা, বৈশ্বিক আর্থিক কড়াকড়ি, বাণিজ্য পুনরুদ্ধারে বিলম্ব, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা। পাশাপাশি আর্থিক খাতের অনিয়ম, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকেও গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে।

বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসিভুক্ত হয় এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক সুবিধা ভোগ করে আসছে। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে দেশটি মোট জাতীয় আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ঝুঁকি—তিনটি সূচকেই উত্তীর্ণ হয়। এর ভিত্তিতে ২০২১ সালে উত্তরণের সুপারিশ করা হয়েছিল। পরে করোনাভাইরাস মহামারির কারণে উত্তরণ দুই বছর পিছিয়ে যায়। এখন সাধারণ পরিষদ প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই বাংলাদেশের এলডিসি উত্তরণের পরবর্তী পথরেখা অনেকাংশে নির্ভর করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা