প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:৪৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৯:৪৬ পিএম
ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়। ছবি: ইউএনবি
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)।
করসেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বুধবার থেকে এ সুবিধা চালু করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা প্রণোদনাও পাবেন। নতুন ব্যবস্থায় ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, জমা এবং কর পরিশোধের সুযোগ মিলবে।
জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালে ই-রিটার্ন চালুর পর এই পদ্ধতির ব্যবহার ধারাবাহিকভাবে বেড়েছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন দাখিল করেছেন। সংস্থাটি মনে করছে, এই প্রবণতা ডিজিটাল করসেবার প্রতি করদাতাদের আস্থা ও আগ্রহ বৃদ্ধির প্রতিফলন। ফলে অনলাইনভিত্তিক সেবার বিস্তার আরও জোরদার হচ্ছে।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। নিবন্ধনসংক্রান্ত জটিলতায় অন্য করদাতারাও সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদনে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে কর পরিশোধ করা যাবে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহের সুবিধাও থাকবে। অনলাইন সেবা ব্যবহারে কোনো সমস্যা হলে সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালে কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।
নতুন করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের পাঁচ শতাংশ, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা মিলবে। তবে এই সময়সীমা পেরিয়ে জমা দেওয়া রিটার্নে প্রণোদনা প্রযোজ্য হবে না। ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করও দিতে হবে। তাই সময়মতো রিটার্ন জমা দিয়ে ডিজিটাল সুবিধা ও প্রণোদনা গ্রহণের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।