× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাচের আবরণে সবুজের বিপ্লব

ফারুক আহমাদ আরিফ, মাদারীপুর থেকে ফিরে

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১১:৩০ এএম

সহকারী টিস্যু কালচারিস্ট মোহাম্মদ এনামুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সহকারী টিস্যু কালচারিস্ট মোহাম্মদ এনামুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপকথার গল্পে রাক্ষস মায়াজালে রাজকন্যাকে অপহরণ করে কাচের প্রাসাদে বন্দি করে রাখত। এরপর সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে রাজপুত্র এসে রাক্ষসকে পরাজিত করে রাজকন্যাকে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনত। কৃতজ্ঞ রাজা রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে দিতেন, আর দুই রাজা নিশ্চিন্তে অবসর জীবন বেছে নিতেন। এমন গল্প পড়েই আমাদের বেড়ে ওঠা।

বাস্তবের কৃষিতেও যেন সেই রূপকথার এক আধুনিক রূপের দেখা মিলছে। তবে এখানে রাক্ষস কোনো কাল্পনিক দানব নয়; ফসলের শত্রু রোগজীবাণু ও পোকামাকড়। আর সেই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে দেশের কৃষিতে গড়ে উঠেছে কাচেঘেরা আধুনিক টিস্যু কালচার ল্যাব।


এসব ল্যাবে জীবাণুমুক্ত কাচের পাত্রে তৈরি হচ্ছে রোগমুক্ত, উন্নতমানের ও উচ্চফলনশীল চারা। আধুনিক জৈবপ্রযুক্তির মাধ্যমে উৎপাদিত এসব চারা যেন কৃষি খাতের রাজপুত্র যারা কৃষিতে নিয়ে আসছে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং উৎপাদনের নতুন দিগন্ত।

এই প্রযুক্তির ফলে প্রতিবছর বিদেশ থেকে চারা আমদানির ওপর নির্ভরতা কমছে। একই সঙ্গে কৃষক স্বল্পমূল্যে উন্নতমানের ও রোগমুক্ত চারা পাচ্ছেন। এতে যেমন ফসলের উৎপাদন বাড়ছে, তেমনি কমছে উৎপাদন ব্যয় ও রোগ-বালাইজনিত ঝুঁকি।

ফলে কৃষকের পরিশ্রম কিছুটা লাঘব হচ্ছে, আর মাঠ ভরে উঠছে অধিক ফলনের আশায়। টিস্যু কালচার প্রযুক্তির সুফল ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে।

এ প্রযুক্তির মাধ্যমে ফুল, ফল ও বিভিন্ন উদ্যান ফসলের উন্নতমানের চারা উৎপাদন ও সম্প্রসারণ কার্যক্রম এগিয়ে চলছে। এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) গবেষকরা।

দেশে টিস্যু কালচার প্রযুক্তির সম্প্রসারণে ২০২৩ সালে শুরু হয় `টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’। এ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মাদারীপুর, বগুড়া ও ময়মনসিংহের হর্টিকালচার সেন্টারে তিনটি আধুনিক টিস্যু কালচার ল্যাব স্থাপন করেছে।


পাশাপাশি বান্দরবানের বালাঘাটা, সাভারের রাজালাখ, কুমিল্লা সদর, ভোলার চরফ্যাশন এবং টাঙ্গাইলের ধনবাড়ীতে আরও পাঁচটি আধুনিক ল্যাব নির্মাণকাজ চলছে।

সম্প্রতি মাদারীপুর হর্টিকালচার সেন্টারের টিস্যু কালচার ল্যাব পরিদর্শনে দেখা যায়, জীবাণুমুক্ত ও শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে সারিবদ্ধ কাঁচের পাত্রে ক্ষুদ্র উদ্ভিদ টিস্যু থেকে যত্নের সঙ্গে চারা উৎপাদন করা হচ্ছে।

আধুনিক প্রযুক্তিনির্ভর এ ল্যাবে বর্তমানে জি-৯ জাতের কলা, এমডি-২ আনারস, স্ট্রবেরি, জারবেরা, অর্কিড, লিলিয়াম, স্টেভিয়াসহ বিভিন্ন উচ্চমূল্যের ফল, ফুল ও উদ্যান ফসলের রোগমুক্ত চারা উৎপাদন হচ্ছে। এসব চারা কৃষকরা সরাসরি কেন্দ্র থেকে সংগ্রহ করছেন। 

পাশাপাশি অনেক এলাকায় অনলাইনে অর্ডার গ্রহণ করে চাহিদা অনুযায়ী পরিবহন ব্যবস্থার মাধ্যমে চারা সরবরাহও করা হচ্ছে, ফলে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কাছেও সহজেই পৌঁছে যাচ্ছে এসব উন্নতমানের চারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হর্টিকালচার উইংয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে মাদারীপুর, বগুড়া ও ময়মনসিংহের তিনটি টিস্যু কালচার ল্যাবে মোট ২ লাখ ১২ হাজার ৩৮৭টি চারা উৎপাদিত হয়েছে।

এর মধ্যে ১ লাখ ৯২ হাজার ৬৩৭টি চারা কৃষক ও উদ্যোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে। উৎপাদন ও চাহিদা বৃদ্ধির ধারাবাহিকতায় আগামী অর্থবছরের জন্য তিনটি ল্যাবে চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারের সহকারী টিস্যু কালচারিস্ট মোহাম্মদ এনামুল ইসলাম বলেন, “ইন-ভিট্রো প্রযুক্তিতে উৎপাদিত চারা মাতৃগাছের অভিন্ন বৈশিষ্ট্য বহন করে। এ পদ্ধতিতে নির্বাচিত মাতৃগাছের শুট টিপ জীবাণুমুক্ত করে বিশেষ পুষ্টির মাধ্যমে স্থাপন করা হয়। এরপর উদ্ভিদ হরমোনের প্রভাবে কোষ বিভাজন শুরু হয়। কয়েক দফা সাব-কালচারের মাধ্যমে একটি ক্ষুদ্র টিস্যু থেকেই হাজার হাজার রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব হয়”।

তিনি জানান, ল্যাবে উৎপাদিত চারা সরাসরি মাঠে রোপণ করা হয় না। প্রথমে পলি হাউস ও হার্ডেনিং জোনে ধাপে ধাপে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো হয়। এরপর চারাগুলো কৃষকদের কাছে সরবরাহ করা হয়, ফলে মাঠে টিকে থাকার হারও বেশি থাকে।

এনামুল ইসলাম আরও জানান, এ ল্যাবে প্রথমবারের মতো লিলিয়ামের চারা উৎপাদন শুরু হয়েছে। গত অর্থবছরে প্রায় আট হাজার চারা উৎপাদিত হয়েছে। আগামী মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার।

তিনি বলেন, “ভারত থেকে আমদানি করা একটি জারবেরা চারার দাম যেখানে ৮০ থেকে ১০০ টাকা, সেখানে একই মানের দেশীয় টিস্যু কালচার চারা বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। ফলে প্রতিটি চারায় কৃষকের ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে”।

মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আশুতোষ কুমার বিশ্বাস জানান, টিস্যু কালচার প্রযুক্তির পাশাপাশি ক্যাকটাস গবেষণাতেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত দুই বছরে কেন্দ্রটি ২১০ প্রজাতির ক্যাকটাস সংগ্রহ করেছে।

বর্তমানে সেখানে দুই হাজারের বেশি ক্যাকটাস রয়েছে, যার মধ্যে ৬০টিরও বেশি প্রজাতি বাণিজ্যিকভাবে বিক্রির উপযোগী।


তিনি বলেন, “বেসরকারি নার্সারিতে যে ক্যাকটাসের দাম ৩০০ থেকে ৫ হাজার টাকা, একই ধরনের ক্যাকটাস এ কেন্দ্রে টব ও গ্রোইং মিডিয়াসহ মাত্র ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। গত অর্থবছরে ক্যাকটাস বিক্রি করে কেন্দ্রটির আয় হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে টিস্যু কালচার ল্যাবে উৎপাদিত চারা বিক্রি থেকে আয় হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯০০ টাকা”।

আশুতোষ কুমার বিশ্বাস জানান, গত অর্থবছরে মাদারীপুর কেন্দ্রে ৯০ হাজার ২৩৭টি চারা উৎপাদিত হলেও কৃষক ও উদ্যোক্তাদের কাছে বিক্রি হয়েছে ২৫ হাজার ২৬০টি। চলতি অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার চারা নির্ধারণ করা হয়েছে।

‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’ এর পরিচালক তালহা জুবাইর মাসরুর বলেন, উন্নতমানের রোগমুক্ত চারা সহজলভ্য করা এবং গবেষণাগারের প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই প্রকল্পের লক্ষ্য।

আশুতোষ কুমার

এর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমছে, দেশীয় নার্সারি খাত শক্তিশালী হচ্ছে এবং নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষক, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, “আধুনিক কৃষিতে মানসম্মত ও রোগমুক্ত চারার বিকল্প নেই। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কৃষকের হাতে অভিন্ন বৈশিষ্ট্যের সুস্থ চারা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে- যা উৎপাদনশীলতা ও ফসলের গুণগত মান বাড়াতে সহায়ক হবে। তিনি বলেন, কৃষিকে রপ্তানিমুখী করার পরিকল্পনা বাস্তবায়নেও এ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা