চিকিৎসাখাতে নতুন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের চিকিৎসাখাতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম)’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং এ খাতের পেশাজীবীদের এক ছাতার নিচে আনতে এবং গবেষণা, প্রশিক্ষণ, সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করবে।
ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এক মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
সভায় স্বাস্থ্য ও চিকিৎসা খাতের বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রফেসর ড. মুজাহারুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ শাদরুল আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ড. জালালউদ্দিন রুমি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের প্রচার সম্পাদক মমিনুল ইসলাম (নির্ঝর)।
প্রধান বক্তা অধ্যাপক ড. মজিবুল হক বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য নিশ্চিত করা এবং মানুষের জীবনমান উন্নয়নে লাইফস্টাইল মেডিসিন, বৈজ্ঞানিক পুষ্টিবিজ্ঞান ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব বিশ্বজুড়ে বাড়ছে। বাংলাদেশেও এ খাতকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া, গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রস্তাবিত সংগঠনটি চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, গবেষণা পরিচালনা, নীতিনির্ধারণী সহযোগিতা এবং জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। মুক্ত আলোচনায় সংগঠনের কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা ও জাতীয়-আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সুপারিশ উঠে আসে, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।