২২ জুলাই
অভিযানের প্রথম দিনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ২০২৪ সালের ২২ জুলাই (সোমবার) থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘চিরুনি অভিযান’ শুরু হয়।
অভিযানের প্রথম দিনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ৫১৬ জনকে আটক করা হয়। এ নিয়ে ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত ছয় দিনে সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়।
সোমবার পর্যন্ত সংঘর্ষ ও নাশকতার অভিযোগে সারা দেশে মোট ১৬৪টি মামলা হয়। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় ৭১টি, চট্টগ্রাম মহানগরে ১৪টি এবং অন্যান্য জেলায় ৭৯টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিনে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করে। এর আগের দিন রবিবারও নাশকতার অভিযোগে ৩৯ জনকে আটক করা হয়েছিল।
সোমবার রাত ৯টায় কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি সহিংসতার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দায়ী করে তাদের বিরুদ্ধে ‘আরও শক্ত অ্যাকশন’ নেওয়ার কথা জানান।
এদিন টানা পঞ্চম দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় এবং সাধারণ ছুটি আরও এক দিন বাড়িয়ে ২৩ জুলাই পর্যন্ত করা হয়। একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
১৯ জুলাই মধ্যরাত থেকে জারি হওয়া কারফিউর তৃতীয় দিনে সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিলতা দেওয়া হয়। রাজধানীর সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও মহাখালী এলাকায় কয়েকশ আন্দোলনকারী সাময়িকভাবে সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। নগরজুড়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তা, সাঁজোয়া যান মোতায়েন এবং হেলিকপ্টার টহল অব্যাহত ছিল।
এদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই আন্দোলনকারীর মৃত্যু হয়। একই দিন পর্যন্ত হাসপাতালটি থেকে আন্দোলনে নিহত ৬৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সেনাপ্রধান যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাব মহাপরিচালক মো. হারুন অর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে এবং পর্যায়ক্রমে শিথিলতার সময় বাড়ানো হবে।