× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরলেন বাংলার জয়যাত্রার ১৭ নাবিক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২২:৪২ পিএম

পারস্য উপসাগরে প্রায় চার মাস আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের ১৭ নাবিক দেশে ফিরে এসেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পারস্য উপসাগরে প্রায় চার মাস আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের ১৭ নাবিক দেশে ফিরে এসেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইরান যুদ্ধের কারণে প্রায় চার মাস পারস্য উপসাগরে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলামসহ ১৭ নাবিক দেশে ফিরে এসেছেন। 

এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় তারা দক্ষিণ আফ্রিকার ডারবান বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘জাহাজটি ডারবান বন্দরে পৌঁছার পর নাবিকরা জাহাজ থেকে সাইন অফ করেন। এরপর সেখান থেকে আজ বিকেল সাড়ে ৫টায় তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানিয়েছেন।’

বিএসসি সূত্রে জানা যায়, জাহাজটি যখন পারস্য উপসাগরে আটকা ছিল, তখন জাহাজটিতে ৩১ জন নাবিক কর্মরত ছিলেন। এর মধ্যে অধিকাংশ নাবিকের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতে আটকে পড়ায় তাদেরকে সাইন অফ করিয়ে নতুন নাবিক উঠানো সম্ভব ছিল না।

এরপর গত ২৩ জুন জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার পর যারা জাহাজ থেকে সাইন অফ করার আবেদন করেছেন, তাদের নামিয়ে নতুন নাবিক জাহাজে উঠানোর প্রক্রিয়া শুরু করে বিএসসি। ১৬ জুলাই জাহাজটি ডারবান বন্দরে পৌঁছার পর প্রথম দফায় ক্যাপ্টেনসহ ১৭ জন নাবিককে সাইন অফ করিয়ে তাদের জায়গায় নতুন ১৭ জনকে জাহাজে উঠানো হয়। এরপর বাকি প্রক্রিয়া শেষ করে তারা দেশে পৌঁছান। 

এর আগে গত ২৬ জানুয়ারি জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নিয়ে যায়। তবে জাহাজটি সেখানে অবস্থানকালেই গত ২৮ ফেব্রুয়ারি ওই অঞ্চলে তীব্র আঞ্চলিক সামরিক সংঘাত ও যুদ্ধ শুরু হয়। তীব্র প্রতিকূলতা ও যুদ্ধজনিত ঝুঁকির মাঝেই গত ১১ মার্চ সফলভাবে খালাস সম্পন্ন হয়।

কার্গো খালাস সম্পন্ন হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটির পক্ষে হরমুজ প্রণালি অতিক্রম করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। ওই অবস্থায় জাহাজটি যেন অলস বসে না থাকে এবং চার্টারারের দৈনিক ভাড়া প্রাপ্তি যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য জাহাজটিকে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে পাঠানো হয় এবং সেখান থেকে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দরের উদ্দেশে রওনা করানো হয়।

কিন্তু সার বোঝাই করার পর হরমুজ প্রণালির তীব্র অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি আর সেখান থেকে বের হতে পারেনি। দীর্ঘ অচলাবস্থার একপর্যায়ে গত ১৮ এপ্রিল ইরানি নৌবাহিনী নিরাপত্তা ও কৌশলগত কারণ দেখিয়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজটির ট্রানজিট বা পারাপারের অনুমতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। এরপর দীর্ঘ ১১৪ দিন অপেক্ষার পর মঙ্গলবার রাত ৩টায় হরমুজ প্রণালি নিরাপদে পার হয় বাংলার জয়যাত্রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা