বাসস
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২০:১৫ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো। ফাইল ছবি
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে মঙ্গলবার এই রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
ডিআইজি পর্যায়ে রদবদল
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার জায়গায় ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় এসএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে। এছাড়া সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমের আগের একটি বদলি আদেশ বাতিল করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি ও এসপি পর্যায়ে পরিবর্তন
অন্য এক প্রজ্ঞাপনে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাবনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফ।
বিভিন্ন রেঞ্জে সংযুক্তি
রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এবংএসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে।
এছাড়া রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।