× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিদাসের রামমন্দির রহস্য

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১১:০৭ এএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১২:১৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য সূত্রের মতে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। একটি মহল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিতে অতিমাত্রায় তৎপর।

এই অপতৎপরতার নেপথ্যে রয়েছে দুটি উদ্দেশ্য। এর একটি ‘তিস্তা প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে বাধা দেওয়া, অপরটি অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলে বিভিন্ন রকম ফায়দা লোটা।

সূত্রগুলো বলছে, এই চক্রান্তের সঙ্গে সীমান্তের বাইরের একটি বৈদেশিক শক্তি জড়িত। তারা একটি সাম্প্রদায়িক সংগঠনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মন্দির নির্মাণের জন্য বেছে নিয়েছে হরিদাস চন্দ্র দাসকে। যিনি বাইরে থেকে প্রশিক্ষিত হয়ে দেশে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। এ ছাড়াও নানা উপায়ে ধর্মীয় উস্কানির মাধ্যমে বিশৃঙ্খলা-হানাহানি লাগানোর মতো ঘটনা সৃষ্টির পাঁয়তারা চলছে। 

সূত্রগুলো জানায়, তিস্তা নদী ঘিরে বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়নে নেওয়া বৃহৎ উদ্যোগটি চীন সরকারের সহায়তায় যাতে বাস্তবায়ন হতে না পারে, সেজন্য নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে একটি দেশ। প্রধানমন্ত্রীর চীন সফরের পর এ পরিকল্পনায় জোর দেওয়া হয়।

এর আগে রাম মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ধর্মীয় বিভাজন শুরুর পর এই বিতর্কিত উদ্যোগের বিপরীতে একই এলাকায় ‘বাবরি মসজিদ উত্তরবঙ্গ’ নামে ১৫ একর জায়গাজুড়ে একটি আধিপত্যবাদ বিরোধী দুর্গ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় মুখোমুখি অবস্থানে চলে যায় স্থানীয় মুসলিম জনতা ও হিন্দু ধর্মাবলম্বীরা।

বিদেশি গোয়েন্দাদের পরিকল্পনা বাস্তবায়নে মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় এলাকার ধুরন্ধর, ঠক, প্রতারক হিসেবে সমধিক পরিচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে। ইতোমধ্যে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস ২০১০ সালে অন্য একটি দেশে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন।

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার কারণে বাংলাদেশ নিজ উদ্যোগে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। চীনের সহায়তা ও অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য তিস্তায় বন্যা নিয়ন্ত্রণ, নাব্যতা বৃদ্ধি, খরায় সেচ সুবিধা নিশ্চিত করা এবং নদী ভাঙন প্রতিরোধ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনযাত্রার মান ও কৃষি-নির্ভর অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে হরিদাস ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে গ্রামের কালী মন্দিরের পুরনো অবকাঠামো পরিবর্তন করে আধুনিকায়নের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে গ্রামে অনুষ্ঠিত একটি বৈঠকে হরিদাসকে সভাপতি ও বিপিন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় মন্দির কমিটি।

২০২৫ সালের মে মাসে মন্দির আধুনিকায়নের কাজ শুরু করে এ কমিটি। মন্দিরের নাম বদলিয়ে রাখা হয় রাধা গোবিন্দ ও কালী মন্দির। সম্প্রতি মন্দির চত্বরে কাজ শুরু হয় ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের। মন্দির কমিটির দাবি ছিল, এটি হবে এশিয়ার বৃহত্তম রাম বিগ্রহ। এরপর নানা আলোচনা-সমালোচনা তৈরি হতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় এর প্রভাব।

ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে এর নির্মাণকাজ বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া বিগ্রহ অপসারণ, অর্থায়নের উৎস অনুসন্ধান ও হরিদাসকে গ্রেপ্তার দাবিতে পলাশবাড়ী, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন তুলে ইমাম ওলামা পরিষদ আন্দোলনে নামলে গত ৯ জুন বিগ্রহ নির্মাণকাজ স্থগিত করে মন্দির কমিটি।

পুলিশ সদর দপ্তরে একাধিক বৈঠক

রাম বিগ্রহ নির্মাণ নিয়ে পৃথকভাবে পক্ষে বিপক্ষে নানা কর্মসূচি ঘিরে নাশকতাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ একাধিক গোয়েন্দা সংস্থা একাধিকবার বিষয়টি উচ্চমহলে জানিয়েছে তাদের প্রতিবেদনের মাধ্যমে। এ নিয়ে পুলিশ সদর দপ্তরে গত কয়েক মাস ধরে অনুষ্ঠিত একাধিক সভায় আলাপ আলোচনা হয়। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকে রুখতে স্থানীয় প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

জড়িতদের ব্যাপারে কঠোর নজরদারির এক পর্যায়ে গোয়েন্দারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য-উপাত্ত পায়। এক পর্যায়ে পুলিশ সদর দপ্তরের সভায় মন্দির নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাসের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। তার আয় ও ব্যয়ের উৎস খুঁজতে সন্দেহজনক নানা তথ্য পেয়ে হরিদাসকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১২ জুলাই সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম ঢাকার উত্তরা পশ্চিম থানায় হরিদাসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরে একই রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা-গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিভিন্ন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানতে পারে হরিদাসকে দিয়ে রাম মন্দির নির্মাণকাজ এগিয়ে নিলে শান্তিপ্রিয় মুসলিমরা তাতে বাধা হয়ে দাঁড়াবে। এমন তথ্যের আদান প্রদানের মধ্যেই ২৯ জুন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তার ফেসবুকের এক পোস্টে ১৫ একর জায়গাজুড়ে আধিপত্যবাদ বিরোধী দুর্গ হিসেবে ‘বাবরি মসজিদ উত্তরবঙ্গ’ নির্মাণের ঘোষণা দিয়ে জমির মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন। জমির মালিকদের তার সঙ্গে যোগাযোগের জন্যও বলেন ওই পোস্টে।

এ ছাড়া বলা হয়, বাবরি মসজিদ উত্তরবঙ্গ হবে আধিপত্যবাদ বিরোধী দ্বীনি মারকাজ ও প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার অন্যতম পাহারাদার। এর পরদিন অপর এক পোস্টে মসজিদের প্রস্তাবিত একটি নকশা দিয়ে সেখানে দেশ-বিদেশ থেকে আর্থিক সহায়তা চাওয়া হয়।

একদিকে রাম মন্দির নির্মাণ, অন্যদিকে বাবরি মসজিদ উত্তরবঙ্গ নির্মাণের ঘোষণায় মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গাইবান্ধা-নীলফামারীসহ উত্তরাঞ্চলবাসী। মসজিদের জন্য জায়গা খোঁজার পাশাপাশি তহবিল সংগ্রহের কাজ শুরু হলে তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে। হরিদাসের রাম মন্দিরকে কেন্দ্র করে এলাকার বিভক্তি, উত্তেজনা নিয়েও তথ্য আসে। এ অবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

সূত্র জানায়, মন্দির ও মসজিদ নির্মাণ নিয়ে এলাকার মানুষ দুভাগে বিভক্ত হয়ে পড়ে। তৈরি হয় উত্তেজনাও। এ সুযোগ কাজে লাগিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা সম্ভব হলে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জেলা গাইবান্ধা, নীলফামারীসহ উত্তরাঞ্চল এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে। এতে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ওপর প্রভাব পড়বে। এই উদ্যোগ যাতে বাস্তবায়ন হতে না পারে সেজন্যই সুকৌশলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়। 

ইসকনের টাকা ভারত থেকে আমেরিকা হয়ে বাংলাদেশে আসে 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাম মন্দির নির্মাণের জন্য মূলত ইসকনের সদস্যরা অর্থ  জোগান দিচ্ছে। এই অর্থের সিংহভাগই আসে ভারত থেকে, তবে সরাসরি নয়। ভারতীয় ইসকনের সদস্যরা সরাসরি বাংলাদেশে অর্থ না পাঠিয়ে তা আমেরিকায় থাকা ইসকন সদস্যদের মাধ্যমে হরিদাসের দেওয়া নির্দিষ্ট ব্যাংক ও মোবাইলের এমএফএস হিসাবে পাঠায়। ভারত থেকে সরাসরি অর্থ পাঠানো হলে তা ধরা পড়ে যাবে। তাই অন্য দেশের চ্যানেলে টাকা পাঠানো হয়।

রিমান্ডে থাকার সময় হরিদাস অনেক প্রশ্নের উত্তরে চুপ থেকেছেন, কখনও আবার এড়িয়ে গেছেন। কিছু কিছু বিষয়ে তদন্ত কর্মকর্তাদের তথ্য দিলেও প্রশ্নের উত্তর দেননি। তার কাছে অর্থ আসা নিয়ে একাধিক প্রশ্নের জবাবে হরিদাস জানিয়েছেন, তার ভক্তরা এসব টাকা দিয়ে মন্দির নির্মাণে সহযোগিতা করছেন। এসব অর্থ কোন দেশ থেকে এসেছে, এমন প্রশ্নে বলেছেন বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আমেরিকায় যেসব ভক্ত আছেন, তারাই সিংহভাগ অর্থ পাঠিয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগগুলো অস্বীকার করেছেন। এর আগে র‌্যাবের হাতে আটকের বিষয়ে থেকেছেন চুপ। রাম মন্দির নির্মাণের পরিকল্পনা, অন্য দেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ, কারা তাকে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন এসব প্রশ্নের উত্তর দেননি হরিদাস।

যা বলছে সিআইডি

পুলিশের এই তদন্ত সংস্থার দাবি, অনুসন্ধানে পাঁচটি ব্যাংক হিসাব ও চারটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ‘অস্বাভাবিক’ লেনদেনের তথ্য পাওয়ার পর মানি লন্ডারিং আইনে মামলা করে হরিদাসকে গ্রেপ্তার করা হয়। সিআইডির তথ্য অনুযায়ী, পাঁচটি ব্যাংক হিসাবের মধ্যে চারটি ডাচ্-বাংলা ব্যাংক ও একটি সিটি ব্যাংকে রয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের দুটি হিসাব ময়মনসিংহ শাখায়, একটি গাইবান্ধার পলাশবাড়ী শাখায় ও একটি ঢাকার উত্তরা রবীন্দ্র সরণি শাখায়। সিটি ব্যাংকের হিসাবটি গাইবান্ধার পলাশবাড়ী শাখায়। এ ছাড়া দুটি বিকাশ, একটি নগদ ও একটি রকেট অ্যাকাউন্টের তথ্যও পেয়েছে সিআইডি।

এসব হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ে মোট ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমা হয়েছে। উত্তোলন করা হয়েছে ৯ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৫২৮ টাকা। বাড়তি টাকা উত্তোলনের বিষয়ে সিআইডি জানিয়েছে, তার লভ্যাংশসহ হিসাব খোলার সময়ের স্থিতির টাকা। সবচেয়ে কম লেনদেন হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের পলাশবাড়ী শাখার হিসাবে, প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। আর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে উত্তরা রবীন্দ্র সরণি শাখায়, যেখানে প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা জমা হওয়া ও উত্তোলন করার তথ্য পেয়েছে সিআইডি।

সূত্র জানায়, মো. সুজন নামে এক ব্যক্তি হরিদাসের তিনটি ব্যাংক হিসাবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা দিয়েছেন। এ ছাড়া একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ১ কোটি ৩১ লাখ টাকার লেনদেন পাওয়া গেছে। গ্রেপ্তারের পর হরিদাস সিআইডিকে বলেন, মন্দির নির্মাণের জন্য ভক্তরা বিভিন্ন সময়ে এসব অর্থ দিয়েছেন।

প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেই হয়ে যান তৌহিদ ইসলাম

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, হরিদাস ওরফে তৌহিদ ইসলাম অবৈধভাবে বিদেশে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফেরেন ২০১০ সালে। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

হরিদাস পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ তরনীদাসের ছেলে। তিনি ২০০৬ সালে পলাশবাড়ীর হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধিতে প্রতারণা ও আত্মসাৎ-সংক্রান্ত ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলার তথ্যও বর্তমান অনুসন্ধানে বিবেচনায় নেওয়া হয়েছে।

সিআইডি জানায়, পুরনো এসি কেনাবেচার কাজ করতেন হরিদাস (৩৪)। রাজধানীর উত্তরায় এই ব্যবসার পাশাপাশি ইলেকট্রিশিয়ান হিসেবেও কাজ করতেন। তার নামে চার কোটি টাকাসহ আরও বেশ কিছু টাকার সম্পদ পাওয়া গেছে। ২০২২ সালের ৭ নভেম্বর বনানী এলাকায় এনএসআই ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে হরিদাসকে গ্রেপ্তার করে।

সিআইডি বলছে, হরিদাসরা চার ভাই। তার দুই ভাই ভারতে থাকেন ও হরিদাসসহ দুই ভাই বাংলাদেশে বসবাস করেন। 

প্রতারণার টাকায় রিসোর্ট

হরিদাস র‌্যাবকে জানান, তিনি প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে ২০১৯ সালে ফুলবাড়িয়া এলাকায় প্রায় এক বিঘা জমি কিনে প্যারিস সুইমিংপুল এন্টারটেইনমেন্ট পার্ক নামে রিসোর্টের কাজ শুরু করেন। তার প্রলোভনে আরও অনেকেই টাকা লেনদেনের রসিদ ছাড়া লাখ লাখ টাকা দেন তাকে। ২০২০ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রিসোর্ট নির্মাণ শেষ হয়। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পর্যটকদের জন্য এই রিসোর্ট উন্মুক্ত করা হয়।

আতাউর রহমান বিক্রমপুরী কে

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব, যিনি আসাদুল্লাহ বা আতাউর নামেও পরিচিত। তার বাবার নাম হুমায়ুন সর্দার, মা রোকেয়া বেগম। বাড়ি মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার আমতলী গ্রামে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলায় ইস্তা গ্রামে মারকাজুল হুনাফা আল মুসলিমিন মাদ্রাসার প্রিন্সিপাল (অধ্যক্ষ)। এ ছাড়া হুনাফা ইসলামিক স্কুলেরও প্রিন্সিপাল। তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। রাজধানীতেও বিভিন্ন আন্দোলন বিক্ষোভের সময় তাকে সামনের সারিতে দেখা গেছে।

জানা গেছে, আতাউর রহমান, আযাদী আন্দোলন বাংলাদেশের আমির, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানেরও পদে রয়েছেন। এ ছাড়া হুনাফা শপের সিইও, মারকাযুল হুনাফার প্রতিষ্ঠাতাও। তার কার্যক্রমও গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা