২১ জুলাই ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ০৯:০১ এএম
আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা হয়ে ওঠে রণক্ষেত্র ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা, কঠোর কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্নতা ও প্রাণহানির মধ্যে ২০২৪ সালের ২১ জুলাই সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে যুগান্তকারী সিদ্ধান্ত দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটা বহাল রেখে বাকি ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন এবং এ বিষয়ে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির জন্য সরকারের নির্বাহী বিভাগকে নির্দেশনা দেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে রায় ঘোষণা করেন। রায়ে মেধার জন্য ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করা হয়।
একই সঙ্গে বলা হয়, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না মিললে সংশ্লিষ্ট পদ সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করতে হবে। আদালত আরও উল্লেখ করেন, প্রয়োজন ও সার্বিক বিবেচনায় সরকার ভবিষ্যতে কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে।
রায় ঘোষণার দিনও সারা দেশে চতুর্থ দিনের মতো কারফিউ ও ইন্টারনেট বন্ধ ছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে। এসব ঘটনায় ঢাকাসহ সারা দেশে অন্তত ১৯ জন নিহত হন।
এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নরসিংদীতে ৪ জন, গাজীপুরে ২ জন এবং নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একজন করে মারা যান। কয়েকশ আন্দোলনকারী আহত হন; তাদের অনেকের অবস্থা ছিল সংকটাপন্ন। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ভোরে ঢাকার পূর্বাচল এলাকা থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ছিল, ১৯ জুলাই গভীর রাতে রাজধানীর খিলগাঁও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল।
আদালতের রায়কে ইতিবাচক হিসেবে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক সারজিস আলম বলেন, শিক্ষার্থীরা রায়কে ইতিবাচকভাবে দেখছেন; তবে নির্বাহী বিভাগের সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত। পরে সংগঠনটি শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেও চার দফা দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
দাবিগুলো ছিলÑ কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ আট দফা দাবি জানিয়ে ২২ জুলাই গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষ ৯ দফা দাবি তুলে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দেয়।
সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে সেদিন দেশের পোশাক কারখানাসহ বড় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানান, ২২ জুলাইও কারফিউ বহাল থাকবে; দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ‘দেখামাত্র গুলি’র নির্দেশ দেওয়া হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিনও রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ী, কুড়িল ও মিরপুরে সংঘর্ষ চলতে থাকে।
সহিংসতার ঘটনায় দেশজুড়ে একাধিক মামলা হয়। গত পাঁচ দিনে ঢাকায় প্রায় ২০০ জনসহ সারা দেশে অন্তত ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের অধিকাংশই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী বলে জানানো হয়। পৃথক মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় এবং গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
একই দিনে পিএসসি ৩১ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। রাতে গণভবনে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।