প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২০:৫৭ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ২১:২১ পিএম
যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও মতবিনিময় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর আন্দোলনের শরিকদের সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক শুরুর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন শরিক দলের নেতারা যমুনায় পৌঁছান। মন্ত্রিসভায় স্থান পাওয়া গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও অনুষ্ঠানে অংশ নেন।
সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক দলগুলোর নেতাদের সঙ্গে টেবিল ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যুগপৎ আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি মূলত আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের জন্য আয়োজন করা হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুগপৎ আন্দোলনের সময় শরিক দলগুলোর প্রতি দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশ নেওয়া ৪১টি দলের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের প্রতিনিধিরা এতে অংশ নেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর আন্দোলনের শরিকদের সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।