প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৭:৩৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৮:১৯ পিএম
মেজর মো. মোজাফফর হোসেন। ছবি: ফেসবুক থেকে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সাজাপ্রাপ্ত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ওই হত্যাকাণ্ডের বিচার সামরিক আদালতে হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট সিদ্ধান্ত রয়েছে। দীর্ঘদিন ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা মোজাফফরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর বর্তমান সেনা আইন অনুযায়ী বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন হবে”।
তিনি বলেন, “একই অপরাধে একজন ব্যক্তিকে দেওয়ানি আইন ও সামরিক আইন- দুই আইনে পৃথকভাবে বিচার করার সুযোগ নেই। তাই সেনা আইনেই তার বিচার সম্পন্ন হবে”।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম ও যানবাহন সংগ্রহ, নতুন প্রশাসনিক ভবন নির্মাণ এবং বিজিবি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে চিকিৎসক ও নার্স নিয়োগসহ বাহিনীর বিভিন্ন অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নেবে।