কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৪:৫৯ পিএম
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন। ফাইল ছবি
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এই প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকেই রাশেদ খাঁন দায়িত্ব পালন করবেন।
তার এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রে নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন।
এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
নিয়োগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন।
তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার করে দেশবাসীর দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।