× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি: তথ‍্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২১:০৪ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে রবিবার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: ইউএনবি

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে রবিবার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: ইউএনবি

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ছিল—দেশের ফুটবলপ্রেমীরা যেন নির্বিঘ্নে বিশ্বকাপ উপভোগ করতে পারেন, তবে জনগণের করের অর্থের অপচয় যেন না হয়। সেই নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ দর-কষাকষির মাধ্যমে বিটিভি প্রায় ৩.৮৫ মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ প্রায় ৪৭ কোটি টাকায় সরাসরি ফিফার কাছ থেকে মিডিয়া রাইটস সংগ্রহ করে।

তিনি জানান, পরে দেশের আরও চারটি সম্প্রচার মাধ্যমের কাছে সাব-লাইসেন্স প্রদান করে এই ব্যয়ের প্রায় পুরো অর্থই আদায় করা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান ফিফার কাছ থেকে ৩.২ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনার পর ‘তমা কনস্ট্রাকশন’ নামের গণমাধ্যম-সংশ্লিষ্ট নয় এমন একটি বাংলাদেশি প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভোগী করা হয়। 

পরে বিটিভি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৯৮ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব কেনে এবং দেশের অন্যান্য বেসরকারি সম্প্রচারমাধ্যম আরও প্রায় ৩৯ কোটি টাকায় সাব-লাইসেন্স গ্রহণ করে। সব মিলিয়ে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেনের মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে ফুটবলপ্রেমীদের আবেগকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার সেই চর্চা থেকে বেরিয়ে স্বচ্ছতা, প্রতিযোগিতামূলক দর-কষাকষি ও ব্যয় সাশ্রয়ের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 

মন্ত্রী জানান, ভবিষ্যতের বিশ্বকাপ সম্প্রচারকে শুধু শূন্য ঘাটতির নয়, বরং উন্নত প্রযুক্তিনির্ভর ও লাভজনক মডেলে রূপ দেওয়ার পরিকল্পনাও শুরু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা