নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২১:২১ পিএম
রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ফাইল ছবি
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধানের নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে অনুসন্ধানে দেখা গেছে, এসব পোস্টের অধিকাংশেরই পেছনে কোনো সরকারি নথি, নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা অকাট্য প্রমাণ নেই।
অথচ একই সময়ে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপন ও দেশের বিশ্বস্ত গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নতুন নৌপ্রধানের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, দায়িত্বশীল নেতৃত্ব ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সফলভাবে দায়িত্ব পালনের উজ্জ্বল ক্যারিয়ার রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গুজবের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি মানুষের আবেগকে পুঁজি করে দ্রুত ছড়ায়। প্রতিবারই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো নিয়োগের পর কিছু নির্দিষ্ট গোষ্ঠী সামাজিক মাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সক্রিয় হয়ে ওঠে। এর মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমানো ও নিজেদের অনুসারী ও প্রচার বাড়ানো।
কিন্তু প্রশ্ন উঠেছে, সামাজিক মাধ্যমে করা এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ কোথায়? কেবল ‘শোনা গেছে’ বা ‘অনেকে বলছে’, এমন ভিত্তিহীন দাবি কখনোই প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না।
সচেতন মহলের মতে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এভাবে বিতর্কিত করার অপচেষ্টার চেয়ে তথ্যভিত্তিক গঠনমূলক আলোচনা দেশের জন্য অনেক বেশি উপকারী।
একজন সামরিক কর্মকর্তার পথচলা কয়েক দশকের কঠোর পরিশ্রমের ফসল। নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন যুদ্ধজাহাজ, ঘাঁটি, সদরদপ্তর ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। সুদীর্ঘ এ কর্মজীবনের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই বাহিনীর শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়।
সামাজিক মাধ্যমের কয়েকটি ভিত্তিহীন পোস্ট দেখে একজন কর্মকর্তার পুরো কর্মজীবনকে বিচার করা মোটেও ন্যায়সঙ্গত নয়। তার কর্মদক্ষতা মূল্যায়নের জন্য প্রাতিষ্ঠানিক তথ্য ও বাস্তব অবদানই মূল মাপকাঠি। যেকোনো সম্মানজনক ও গঠনমূলক সমালোচনা থাকতে পারে, তবে তা অবশ্যই সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে হওয়া উচিত।
বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা রক্ষাই করে না; বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংশ্লিষ্টরা মনে করেন, বাহিনীর প্রধানকে ঘিরে এমন ভিত্তিহীন গুজব ছড়ালে শুধু একজন ব্যক্তিই নন; বরং পুরো প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, যা চূড়ান্ত বিচারে দেশের জাতীয় স্বার্থের পরিপন্থি। একটি অসতর্ক ‘শেয়ার’ যেমন হাজারো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, তেমনই নাগরিকদের একটি ছোট ‘যাচাই’ হাজারো গুজবকে থামিয়ে দিতে পারে।
সামাজিক মাধ্যমে বাহিনীপ্রধান বা রাষ্ট্রের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো চাঞ্চল্যকর পোস্ট দেখলে সচেতন নাগরিক হিসেবে শেয়ার বা বিশ্বাস করার আগে নিজেকে মাত্র তিনটি প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম বিশেষজ্ঞরা।
তাদের ভাষ্য, তথ্যটির মূল উৎস কী? কোনো নির্ভরযোগ্য বা মূলধারার সংবাদমাধ্যম কি এটি প্রকাশ করেছে? দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ কোথায়?
যদি এ তিন প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া যায়, তবে বুঝতে হবে সেটি কোনো সত্য তথ্য নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত গুজব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখানোর আগে তথ্য যাচাই করাই একজন সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব।