× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইঞ্জিন সংকট

মালামাল পরিবহন খাতে আয় কমেছে রেলের

ইউএনবি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৭:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইঞ্জিন সংকটের কারণে মালামাল পরিবহন খাতে বড় অংকের আয় কমেছে বাংলাদেশ রেলওয়ের। 

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে রেলের আয় আগের বছরের তুলনায় ৮ কোটি ৩৪ লাখ টাকা কমেছে। তবে মালামাল পরিবহনে মন্দা থাকলেও যাত্রী পরিবহনসহ অন্যান্য খাতে আয় বৃদ্ধি পাওয়ায় রেলওয়ের সার্বিক গড় আয় গত বছরের তুলনায় বেড়েছে।

বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার বিগত অর্থবছরের এই আর্থিক চিত্র তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। যা এর আগের ২০২৪-২৫ অর্থবছরের (১ হাজার ৮৪৫ কোটি টাকা) তুলনায় ২২১ কোটি টাকা বেশি। নানা প্রতিকূলতা সত্ত্বেও সুনির্দিষ্ট ব্যবস্থাপনা ও বিভিন্ন উদ্যোগের ফলে এই আয় বৃদ্ধি সম্ভব হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

খাতভিত্তিক আয়ের বিশ্লেষণে দেখা যায়, রেলের সবচেয়ে বড় সাফল্য এসেছে যাত্রী পরিবহন খাতে। এই খাতে আগের অর্থবছরের চেয়ে ২৫৬ কোটি টাকা বেশি আয় হয়েছে। এছাড়া ভূ-সম্পত্তি খাত থেকে ৩ কোটি টাকা এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকা অতিরিক্ত আয় হয়েছে। তবে এর বিপরীতে ইঞ্জিন সংকটের কারণে মালামাল পরিবহন খাতে রেলকে ৮ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব হারাতে হয়েছে। পাশাপাশি ভেন্ডিং লাইসেন্স ও অন্যান্য বাণিজ্যিক খাতেও আয় কমেছে প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ ২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের মোট পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে ব্যয়-আয়ের অনুপাত (অপারেটিং রেশিও) দাঁড়িয়েছে ১ দশমিক ৯১, যা আগের অর্থবছরে ছিল ২ দশমিক ৯। অর্থাৎ আয় ও ব্যয়ের ব্যবধান কিছুটা কমেছে।

তবে রেলওয়ের দাবি, প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকা পেনশন বাবদ ব্যয়কে পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত করা হয়, যদিও এটি প্রকৃত পরিচালন ব্যয় নয়। এই ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় দাঁড়ায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা এবং সে ক্ষেত্রে ব্যয়-আয়ের অনুপাত হয় ১ দশমিক ৪৩। অর্থাৎ পেনশন ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় আয়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

বাংলাদেশ রেলওয়ে জানায়, এটি একটি রাষ্ট্রীয় গণপরিবহন সংস্থা হওয়ায় রেলের ভাড়া রেয়াতি হারে নির্ধারণ করা হয়। ২০১৬ সালের পর থেকে যাত্রীভাড়া বাড়ানো হয়নি। অথচ এ সময়ে রেলপথ ও ট্রেনের রক্ষণাবেক্ষণ সামগ্রীর দাম, ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে আমদানি ব্যয়, কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন এবং জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বর্তমান বাজার পরিস্থিতি এবং অন্যান্য পরিবহন ব্যবস্থার ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে রেলের ভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হলে আয় ও ব্যয়ের ব্যবধান আরও কমানো সম্ভব হবে। এ কারণে বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা সমীচীন নয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা