ঢাকায় সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেছেন, মতপার্থক্যের বিষয়গুলো সংসদে আলোচনা ও নির্বাচনি ইশতেহারের ভিত্তিতে নিষ্পত্তি হবে।
একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রতি সংসদে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।
ঢাকায় রবিবার আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এ সব মন্তব্য করেছেন।
সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল।
সংসদেই সমাধানের আহ্বান
মির্জা ফখরুল বলেন, জাতির কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচিত দল তাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে।
তিনি বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম অনেক হয়েছে, এখন সংসদে আলোচনা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে। গণতান্ত্রিক চর্চা ও আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান সম্ভব।
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার
মন্ত্রী বলেন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষ গুম হয়েছেন, প্রাণ হারিয়েছেন। এ ধরনের স্মরণসভায় অংশ নিতে তার কষ্ট হয়, কারণ স্বজনহারাদের বেদনা পরিবেশকে ভারী করে তোলে।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তারা গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
গত ১৭ বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংগ্রাম কখনও শেষ হয় না।
ছাত্রজীবন থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, হতাশা এলেও মানুষের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়।
‘গণমাধ্যম কিংবা প্রশাসনে নতজানু সংস্কৃতি কাম্য নয়’
বিএনপির মহাসচিব বলেন, দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় সোয়া লাখ মামলা করা হয়েছিল।
তিনি আরও বলেন, গণমাধ্যম কিংবা প্রশাসনে নতজানু সংস্কৃতি কাম্য নয়, যদিও বাস্তবে তা এখনও দেখা যায়।
বিএনপিকে একটি উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী নয়। জনগণের সমর্থন অর্জন করে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসাই তাদের লক্ষ্য।
বক্তাদের পর্যবেক্ষণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইসির যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সঞ্চালনা করেন দৈনিক যুগান্তর-এর সম্পাদক আব্দুল হাই সিকদার।
মাহমুদুর রহমান বলেন, জুলাই শহিদদের পরিবারকে এনইসি সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছে।
তিনি বলেন, শহিদদের সন্তানদের নিজেদের সন্তানের মতোই দেখবে সংগঠনটি এবং জুলাই আন্দোলনের স্মৃতি বিস্মৃত হতে দেবে না।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, অতীতে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। সেই সময়ের ঘটনাগুলো নিয়ে লেখা তার বই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি করেন।
নিউ নেশন-এর সম্পাদক মোকাররম হোসেন বলেন, জুলাই আন্দোলনের পর গণমাধ্যম কমিশন গঠন করা হলেও এর সুপারিশ বাস্তবায়িত হয়নি।
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান বলেন, দুঃসম ফ্যাসিবাদের দেড় দশকব্যাপ্তি বাংলাদেশে যে ক্ষতচিহ্ন সৃষ্টি করে গেছে, সেই ক্ষতচিহ্ন মুছে একটি নতুন সমাজ, একটি নতুন রাষ্ট্রের অবকাঠামো গড়ে তুলতে যে সংগ্রাম চলছে।
তিনি বলেন, সেই সংগ্রামকে সফল করতে যারা জীবন দিয়েছেন তারা চিরদিন আমাদের স্মৃতিপটে অমলিন থাকবে। তাদের পথ ধরে আমরা সঠিক পথে এগিয়ে যাব।
নয়া দিগন্তর সম্পাদক সালাহ উদ্দিন বাবর সরকারের গণমাধ্যমবান্ধব ভূমিকার কথা উল্লেখ করেন।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, সাংবাদিকদের হত্যা ও গুমের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছিল।
জুলাইয়ে নিহত পাঁচ সাংবাদিককে যথাযথভাবে স্মরণ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, একটি ফাউন্ডেশনের সহযোগিতায় শহিদ সাংবাদিকদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আব্দুল হাই সিকদার দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে বহু সাংবাদিক নিহত, আহত এবং অসংখ্য গণমাধ্যম বন্ধ করা হয়েছিল।
বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বিএনপির কিছু নেতার আন্দোলনে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেন, জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের অধ্যায়। এ আন্দোলনকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জালালাবাদ পত্রিকার সম্পাদক জানান, তার প্রতিষ্ঠানের সাংবাদিক এটিএম তুরাব দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন এবং তার শরীরে ৯৮টি স্প্লিন্টার পাওয়া যায়।
নিহত সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি অভিযোগ করেন, দুই বছর পেরিয়ে গেলেও তার স্বামীর হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শহিদ পরিবারকে সম্মাননা
অনুষ্ঠানের শেষপর্বে জুলাইয়ে নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের সম্মাননা পদক ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহিদ সোহেল আকন্দের স্ত্রী মৌসুমি আক্তার, হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি, তাহির জামানের মা শামসি আরা জামান, এটিএম তুরাবের পক্ষে জালালাবাদ সম্পাদক এবং শাকিলের বাবা মো. বেলায়েত হোসেনের হাতে সম্মাননা তুলে দেন।