× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদদের হত্যাকারীদের বিচার চান জয়ের মা

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১০:০০ এএম

জুলাই শহিদ রিদোয়ান শরীফ রিয়াদ (জয়)। ফাইল ছবি

জুলাই শহিদ রিদোয়ান শরীফ রিয়াদ (জয়)। ফাইল ছবি

জুলাই শহিদ রিদোয়ান শরীফ রিয়াদ (জয়)। ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় পুলিশের গুলি তার মাথার এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে যায়। বন্ধুরা ধরাধরি করে তাকে স্থানীয় মনসুর হোসেন হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে উত্তরা কামারপাড়ার বামনাটেক কবরস্থানে শহিদ মুগ্ধর কবরের পাশে তাকে দাফন করা হয়।

অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জয়ের বাবা আহম্মদ উল্লাহ বাদল ও মা রুপালী আক্তার বিউটি। একমাত্র বোন শিমু আহমেদ। গত শুক্রবার কবরস্থানের পার্শ্ববর্তী এলাকায় জয়ের বাসায় গিয়ে কথা হয় তার মা বিউটির সঙ্গে। স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার ছেলে ইংরেজিতে টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ফরম ফিলাপের টাকা জমা দিলেও পরীক্ষা দিতে পারেনি। সে পড়াশোনার পাশাপাশি আমার ভাইয়ের দোকানে কাজ করত। ওই সময় রাস্তাঘাটে গণ্ডগোলের কারণে তাকে বাইরে যেতে দিইনি।

রুপালী আক্তার বিউটি বলেন, ১৮ জুলাই জোর করে বাসা থেকে বেরিয়ে গিয়ে আন্দোলনে যোগ দেয়। সারাদিন বাসায় আসেনি। পরে বিকালে বাসায় আসে। সে রাস্তার আন্দোলনে ছাত্রদের ওপরে গাড়ি তুলে দেওয়া, মানুষকে পুলিশ মারছেÑ এসব ভিডিও নিয়ে এসেছিল। এগুলো আমাদের দেখিয়েছে। রাতে পরিবারের সকলের সঙ্গে অনেকক্ষণ আলাপও করে। আমি তাকে বলেছিলাম আর যেও না। যদি যাও তাহলে আমাকে সঙ্গে নিয়ে যেও। তখন সে বলেছে, মা তুমি তো দৌড়াতে পারবে না। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে তখন সেখানে পড়েই মারা যাবে, দৌড়াতে পারবে না। আর আমার মেয়ে বলেছিল, আম্মু তুমি ফিলিস্তিনি মায়েদের মতো শক্ত হতে পারো না? 

বিউটি বলেন, পরদিন ১৯ জুলাই সকালে কিছুক্ষণ বাইরে থেকে এসে গোসল করে জুমার নামাজ পড়তে যায় জয়। নামাজ সেরেই বাসায় আসতে বললে জানায়, একটা দাওয়াতে যাবে। দাওয়াত খেয়ে সাড়ে ৩টার দিকে কবরস্থানের দিকে যাওয়ার পথে দেখে মুগ্ধকে কবর দেওয়া হচ্ছে। তখন কবর জিয়ারত করে সেখান থেকে আন্দোলনে চলে যায়। এর মধ্যে কয়েকবার ফোনে সংক্ষিপ্ত কথা হয়। নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছিল না।

তিনি বলেন, সাড়ে ৫টায় ফোন করে বললামÑ ‘কোথায় আছ? বাসায় আসো, তোমার বাবা বকবে।’ তখন সে বলে, ‘মহল্লাতেই আছি। সন্ধ্যার আগেই চলে আসব।’ তারপর ৬টার দিকে মাত্র তিন সেকেন্ড কথা হয়। পরে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাগরিবের নামাজের পর অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, জয় মাথায় আঘাত পেয়েছে। তাকে মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে বিউটি বলেন, উত্তরা ১০ নম্বরে মনসুর আলী হাসপাতালে গেলে নার্স ও ডাক্তাররা প্রথমে আমাদের বসতে বলে। পরবর্তীতে ৫ মিনিট পর জানায়, আপনার ছেলে আর নেই। হাসপাতাল থেকে বলা হয়, আপনারা যদি মামলা করেন তাহলে পুলিশকে জানাতে হবে। মৃতদেহ নিয়ে পোস্টমর্টেম করবে। তখন জয়ের বাবা বলে, না মামলা করব না। আপনার মরদেহটা দিয়ে দেন। আমরা বাসায় নিয়ে যাব। 

এ পর্যায়ে আহাজারি করতে করতে বিউটি বলেন, জয় উত্তরা ২৭ নম্বরে হাই স্কুলের সামনের রাস্তায় আন্দোলনে ছিল। পুলিশ যখন গুলি করছিল তখন বন্ধুরা তাকে দৌড়াতে বলেছিল। তখন সে বলেছিল, পুলিশ ফাঁকা গুলি করছে, আমাদের কিছুই হবে না। এরপরই সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার মাথার ডান পাশে গুলি লেগে বাম দিকে বেরিয়ে যায়। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, যে আশা নিয়ে ছেলেরা শহীদ হয়েছিল সেটি যেন বাস্তবায়ন হয়। দেশে কোনো প্রকার বৈষম্য যেন আর না থাকে। শহীদদের হত্যাকারীদের বিচারটা যেন দেখে যেতে পারি। 

জয়ের মা জানান, সরকারের পক্ষ থেকে তাদের ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হয়েছে। এ ছাড়া মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা