হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ০৯:১৭ এএম
হুমায়ূন আহমেদ। ছবি: বিবিসি বাংলা
‘শ্রাবণ মেঘের দিন’ লিখেছিলেন তিনি, লিখেছিলেন ‘বৃষ্টি ও মেঘমালা’। মেঘ, বৃষ্টি, বর্ষা, শ্রাবণ যে তার কত প্রিয় ছিল তা টের পাই আমরা তার লেখা আরও অনেক বই থেকেও। ‘আকাশজোড়া মেঘ’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘এই মেঘ রৌদ্রছায়া’, ‘বৃষ্টিবিলাস’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘মেঘের ওপর বাড়ি’, ‘মেঘের ছায়া’Ñ নামই বলে দেয় বৃষ্টিমুখর বর্ষা ঋতু কত প্রিয় ছিল তার। সেই বর্ষায়Ñ সেই শ্রাবণেই তিনি যাত্রা করেন মহাপ্রস্থানের পথে। গানে তিনি লিখে গেছেন বটে, ‘যে থাকে আঁখি পল্লবে, তার সাথে কেন দেখা হবে?’ তবু হুমায়ূন আহমেদের সঙ্গে সবার দেখা হয় তার লেখা বইয়ের পাতায় পাতায়; দেখা হয় প্রতিবছর জন্মদিবসে কিংবা এই মৃত্যুদিবস ১৯ জুলাইয়ে।
আজ ১৯ জুলাইয়ে পালিত হচ্ছে জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে থাকছে দিনভর নানা আয়োজন। তার অধিকাংশ বইয়ের প্রকাশক ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে আজ নুহাশ পল্লীতে রয়েছে নানা কর্মসূচি। পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও কবর জিয়ারত ছাড়াও এদিন শিশুদের মধ্যে পরিবেশন করা হবে তার পছন্দের খাবার। ‘অন্যপ্রকাশ’ও এই কথাশিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। ‘অন্যপ্রকাশ’ ফেসবুক গ্রুপ এ উপলক্ষে আয়োজন করেছে ‘হুমায়ূন আহমেদ স্মরণোৎসব’। এই গ্রুপের সদস্যদের জন্য থাকছে তিনটি ভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলো হলোÑ স্মরণোৎসব কুইজ প্রতিযোগিতা, শর্ট ভিডিও নির্মাণ এবং শ্যাডো রাইটিং। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন অর্ধ লাখ টাকার বই।
মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস, নাটক, গান ও সিনেমা এখনও মুগ্ধ করে রেখেছে এদেশের মানুষকে। বরেণ্য এই লেখকের ছোট ভাই রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবিব জানান, পরিবারের অনেকেই দেশের বাইরে, তাই এ উপলক্ষে তেমন কোনো পারিবারিক আয়োজন নেই। তবে ব্যক্তিগতভাবে তারা সবাই তাকে আজ বিশেষভাবে স্মরণ করবেন।
চট্টগ্রামের স্কেচ গ্যালারি নন্দনে আজ সন্ধ্যায় এ উপলক্ষে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘সাজঘর’ অবলম্বনে ‘সাজঘর’ নাটক মঞ্চায়ন হবে বলে জানা গেছে। তার নিজ জেলা নেত্রকোণাসহ বিভিন্ন স্থানে মৃত্যুদিবস উপলক্ষে স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন ও সাহিত্যভিত্তিক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। লেখকের গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে আজ সকাল ৭টা থেকে শুরু হবে হুমায়ূন স্মরণ অনুষ্ঠান। কর্মসূচির বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, কোরআন খতম, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, মিলাদ ও দোয়া, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশের মধ্য দিয়ে তাকে স্মরণ করবে শিক্ষার্থী ও শিক্ষকরা।
বিকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা রোড এলাকায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সাহিত্য সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা’র উদ্যোগে দোয়া, আলোচনা, হুমায়ূন আহমেদের লেখা থেকে পাঠ ও তার রচিত গান পরিবেশিত হবে বলে জানিয়েছেন চর্চার সমন্বয়কারী রহমান জীভন। হিমু পরিবহনের সাধারণ সম্পাদক আহসান হাবিব মুরাদ জানান, তাদের একটি প্রতিনিধিদল হুমায়ূন আহমেদের নন্দন কানন নুহাশ পল্লীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে যাবে। এদিকে কবি ও সংগঠক রইস মনরম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের জন্মস্থানে (মামার বাড়ি) তেমন কোনো আয়োজন নেই। তবে তাৎক্ষণিক উদ্যোগে গান ও আলোচনা হতে পারে।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য ও শিল্পের বর্ণময় পথের পথিক এই কথাশিল্পী ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। ১৯৭২ সালে নাতিদীর্ঘ উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মাধ্যমে কথাসাহিত্যে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। এই ‘নন্দিত নরকে’ এবং ১৯৭৪ সালে প্রকাশিত ‘শঙ্খনীল কারাগার’ তাকে বাংলা সাহিত্যে শক্তিশালী কথাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। পরের গল্পগুলো শুধুই এগিয়ে যাওয়ার। টানা চার দশক সরলরেখার মতো সহজ ভাষায় রচিত গল্প বা উপন্যাসের উদ্দীপক কিংবা রহস্যময় বুনটে তিনি বিভোর করে রাখেন পাঠককে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেও তিনি বাঙালির সাংস্কৃতিক পরিসরে অসামান্য অবদান রেখে গেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। কথাসাহিত্যে তার সৃষ্ট ‘মিসির আলী’, ‘হিমু’ ও ‘রুপা’ অনবদ্য চরিত্রগুলো আজও সবাইকে আকৃষ্ট করে।
হুমায়ূন আহমেদ ১৯৭৩ সালে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে তিনি কর্মক্ষেত্র হিসেবে লেখালেখি ও সিনেমা-নাটক নির্মাণের পথ বেছে নেন। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সাহিত্যিক।