জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শনিবার আয়োজিত ‘সাম্প্রতিক বন্যার তথ্যভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। ফাইল ছবি
বন্যার মূল কারণ নিরসনে বিজ্ঞানভিত্তিক, পরিবেশসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
সাম্প্রতিক বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল-জলাশয় দখল, পাহাড় কাটা এবং প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার সম্মিলিত ফল বলে জানিয়েছে সংগঠনটি।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শনিবার আয়োজিত ‘সাম্প্রতিক বন্যার তথ্যভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ধরার সহ-আহ্বায়ক এম. এস. সিদ্দিকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব শরীফ জামিল এবং সঞ্চালনা করেন ধরার সদস্য ও রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ।
এম. এস. সিদ্দিকী বলেন, “সাম্প্রতিক বন্যার ভয়াবহতা বাড়ার পেছনে শুধু প্রাকৃতিক কারণ নয়, অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল ভরাট, পানি প্রবাহে বাধা এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাব কাজ করেছে”।
তিনি বলেন, “মাঠপর্যায়ের তথ্য, ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচটি জাতীয় দৈনিকের তথ্যের ভিত্তিতে ধরা একটি পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে”।
বন্যা মোকাবিলায় ব্যক্তি স্বার্থের পরিবর্তে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
মূল বক্তব্যে শরীফ জামিল বলেন, “চলতি বছরের ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা ভারি বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং আন্তঃসীমান্ত নদ-নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে দেশের অন্তত ১৭টি জেলা বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে”।
বন্যায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে প্রায় ৬ লাখ, কক্সবাজারে ১ লাখ ৫৮ হাজার, রাঙামাটিতে ১ লাখ ৮ হাজার, বান্দরবানে ৮৩ হাজার ৫০০ এবং কুড়িগ্রামে ১ লাখ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া হাজার হাজার হেক্টর কৃষিজমি, মাছের ঘের, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
ধরার সদস্য সচিব বলেন, “নদী-খাল-জলাশয় দখল, নাব্যতা হ্রাস, অপরিকল্পিত সড়ক ও অবকাঠামো নির্মাণ, পাহাড় কাটা, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে”।
তার দাবি, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পার্বত্য তিন জেলায় সংঘটিত বন্যা ও জলাবদ্ধতার বড় একটি কারণ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণের প্রভাব।
নদী অববাহিকাভিত্তিক সমন্বিত পরিকল্পনা, আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, নদী-খাল পুনরুদ্ধার, জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ধরার হাওরবিষয়ক আহ্বায়ক জাফর সিদ্দিক বলেন, “বাংলাদেশে বন্যা নতুন কোনো দুর্যোগ নয়। তবে ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি, দ্রুত লজিস্টিক সহায়তা এবং স্থানীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই”।
এ সময় আরও বক্তব্য দেন ধরার সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, চুনতি রক্ষা আন্দোলনের সমন্বয়ক সানজিদা রহমান, কক্সবাজারের সদস্য ফরিদুল আলম শাহিন এবং মাতামুহুরী এলাকার সদস্য বদরুননাহার কলি।
সংবাদ সম্মেলন থেকে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি নদী অববাহিকাভিত্তিক সমন্বিত পরিকল্পনা গ্রহণ, প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার, পরিবেশসম্মত উন্নয়ন নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় দীর্ঘমেয়াদি বন্যা ব্যবস্থাপনা কৌশল প্রণয়নের আহ্বান জানানো হয়।