× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে, সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২০:২৮ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। এ বিষয়ে বিরোধী দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল দাবি করছে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে। তার ভাষায়, এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবিধান প্রসঙ্গে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দলটি সংবিধান সংস্কারের নয়, বরং প্রয়োজনীয় সংশোধনের পক্ষে। জনগণের দেওয়া ম্যান্ডেট ও নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মৌলিক সংস্কারের উদ্যোগ বিএনপিই নিয়েছে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান প্রণয়নে বিএনপির ভূমিকাই ছিল নির্ধারক। জনগণকে বিভ্রান্ত করতেই এসব অর্জনকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যে প্রস্তাবের কথা বলা হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না। তিনি দাবি করেন, সংস্কার কমিশন বিএনপির সম্মতি ছাড়াই ওই সুপারিশ অন্তর্ভুক্ত করেছে এবং সে সময় তিনি প্রকাশ্যেই এটিকে জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যে দল জনগণের রায়ে সরকার গঠন করবে, তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহারের আলোকে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। বিএনপি যেমন ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ বিষয়ে বিরোধী দলের ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক কৌশল হিসেবে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। কিন্তু বিএনপির কাছে জুলাইয়ের আন্দোলন কোনো একক ঘটনার নাম নয়; বরং দীর্ঘ প্রায় ১৮ থেকে ১৯ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ধারাবাহিক পরিণতি।

তিনি দাবি করেন, এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। তার ভাষ্য, দলের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে উদার গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে এবং বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বিদ্যমান সংকটের সমাধান সহজ নয়; ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

স্মরণসভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও গবেষকরা বক্তব্য দেন। 

অনুষ্ঠানের শেষে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা