মিসবাহ উল আজীম। ছবি: সংগৃহীত
খোন্দকার মিসবাহ উল আজীমকে তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
এজন্য তাকে রিয়ার এডমিরাল থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্নে তাকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে
একই দিন অপরাহ্ন থেকে আগামী ২২ জুলাই ২০২৯ তারিখ অপরাহ্ন পর্যন্ত মোট তিন বছরের জন্য তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম. জে. আরিফ বেগ প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সামরিক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।